


রংপুর-১ সংসদীয় আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শনিবার আপিলের শুনানি শেষে নির্বাচন কমিশন এ রায় দেন। এর আগে গত ১ জানুয়ারি দাখিল করা হলফনামায় অনিচ্ছাকৃতভাবে দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত তথ্য উল্লেখ থাকায় রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন। পরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে গত ৫ জানুয়ারি নির্বাচন কমিশনে আপিল করেন ব্যারিস্টার মঞ্জুম আলী।
রায়ের প্রতিক্রিয়ায় ব্যারিস্টার মঞ্জুম আলী বলেন, এই রায়ের মাধ্যমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। আমি ন্যায়বিচার পেয়েছি। রংপুর-১ আসনবাসীর দোয়া ও সমর্থন থাকলে সব বাধা অতিক্রম করে নির্বাচিত হব ইনশাআল্লাহ।
রায়ের খবরে রংপুর-১ আসনের বিভিন্ন এলাকায় সন্তোষ প্রকাশ করেছেন জাতীয় পার্টির নেতাকর্মী ও সমর্থকেরা। তারা বলেন, সব ধরনের ষড়যন্ত্র ব্যর্থ করে শেষ পর্যন্ত সত্যের জয় হয়েছে। উল্লেখ্য, রংপুর-১ সংসদীয় আসনটি গঙ্গাচড়া উপজেলা এবং রংপুর সিটি কর্পোরেশনের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত।