
রংপুরের গঙ্গাচড়া উপজেলার মেধাবী শিক্ষার্থী মোছা. শাহানাজ আক্তারের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্নকে বাস্তবায়নে সহযোগিতার হাত বাড়িয়েছে স্থানীয় প্রশাসন। শাহানাজের পরিবার অর্থসংকটের কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, হল এবং অন্যান্য শিক্ষাসামগ্রী সংগ্রহে চরম অনিশ্চয়তায় ছিলেন।
সংবাদ প্রকাশেের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার তাকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ইউএনও জানিয়েছেন, তিনি স্থানীয় দাতাদের এবং সমাজের বিত্তবান ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে শাহানাজের ভর্তির সকল খরচ বহন করার উদ্যোগ নেবেন।
ইউএনও বলেন, “শাহানাজের মতো মেধাবী শিক্ষার্থীরা আমাদের সমর্থন পেলে শুধু নিজের নয়, দেশের জন্যও অবদান রাখতে পারবে। আমরা চেষ্টা করব যেন তার উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়িত হয়।” স্থানীয় সমাজকর্মী ও বাসিন্দারা ইতিমধ্যেই স্বেচ্ছা অনুদান ও সহায়তার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এলাকার এক শিক্ষার্থী এবং প্রতিবেশী বলেন, “শাহানাজ আমাদের গর্ব। তার পড়াশোনা বন্ধ হলে সমাজের বড় ক্ষতি হবে। আমরা সবাই মিলে তাকে সাহায্য করব।”
শাহানাজের পরিবারও আশা প্রকাশ করেছেন, সহৃদয় মানুষ ও সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি এগিয়ে এলে তাদের মেয়ের স্বপ্ন পূরণ হবে। তারা বিশ্বাস করেন, একদিন শাহানাজ তার মেধা ও যোগ্যতা দিয়ে পরিবার ও দেশের মুখ উজ্জ্বল করবে।
Related