
রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার ০৩ নং বড়বিল ইউনিয়নের দক্ষিণ পানা পুকুর চৌধুরীপাড়া (দোলাপাড়া) গ্রামে মোছাঃ ছাহেরা বানু (৫৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে নিজ বসতঘরের শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে ভিকটিম প্রতিবেশী মোছাঃ মরিয়ম বেগমের মাধ্যমে বাজার থেকে ফলমূল আনিয়ে নেন। পরে দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে তিনি তার দুই নাতনী মোছাঃ শাহাজাদী খাতুন (৮) ও মোছাঃ স্নেহা খাতুন (৬)-কে ফল দিয়ে ঘরের বাইরে খেলতে পাঠান।
এরপর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে শিশুরা বাড়িতে ফিরে এসে ঘরের দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি করে। কোনো সাড়া না পেয়ে তারা প্রতিবেশীদের বিষয়টি জানায়। পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে শয়নকক্ষে ছাহেরা বানুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
মৃত ছাহেরা বানু (৫৫) ছিলেন মৃত আঃ সাত্তার ও মোছাঃ রনজিনা খাতুনের কন্যা এবং মোঃ সাহেব আলীর স্ত্রী। তার মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের আবহ বিরাজ করছে। ঘটনার সময় তার স্বামী মোঃ সাহেব আলী সকাল ৭টার দিকে কর্মস্থলে ঢালাইয়ের কাজে বাইরে ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা হিমেল বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। তিনি শান্ত স্বভাবের মানুষ ছিলেন। এমন ঘটনা আমরা কেউই আশা করিনি। এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related