


রংপুরের তারাগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল রানা’র বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাতে অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা ইউএনও রুবেল রানা’র কর্মদক্ষতা, সৎ প্রশাসনিক মনোভাব, জনবান্ধব কর্মকাণ্ড এবং উন্নয়নকাজে তাঁর অবদানের কথা স্মরণ করেন। তাঁর দায়িত্বকালীন সময়ে তারাগঞ্জে সেবা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা রক্ষা, সরকারি নির্দেশনা বাস্তবায়ন ও সাধারণ মানুষের সমস্যার সমাধানে তিনি নিরলস কাজ করেছেন। ফলে উপজেলার প্রশাসনিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ হয়েছে।
বিদায়ী ইউএনও রুবেল রানা তাঁর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, তারাগঞ্জ উপজেলাবাসীর ভালোবাসা, সহযোগিতা ও আন্তরিকতা আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। এই এলাকার মানুষ, স্মৃতি ও অভিজ্ঞতা আমার কর্মজীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি সকলের দোয়া, শুভকামনা ও অব্যাহত সহযোগিতা কামনা করেন। সংবর্ধনা শেষে তাকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়।