


রংপুরের তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ-আরএফএল গ্রুপের এক কর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের বামনদীঘি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীম ইসলাম প্রাণ-আরএফএল গ্রুপের মাল্টিলাইন ইন্ডাস্ট্রিজ লিমিটেড-২-এর প্রোডাকশন বিভাগের সিনিয়র অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি তারাগঞ্জ উপজেলার মামুনপাড়া চিলাপাক এলাকায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কর্মস্থল থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সন্ধ্যায় বামনদীঘি বাসস্ট্যান্ড এলাকায় সড়ক পার হওয়ার সময় গাছবোঝাই শ্যালো মেশিনচালিত একটি ট্রলির সঙ্গে তাঁর মোটরসাইকেলটির সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই শামীম ইসলামের মৃত্যু হয়।
খবর পেয়ে তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় জড়িত ট্রলি ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ট্রলি জব্দকরা হয়েছে। চালক পালিয়ে গেছে। লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে। এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।