
নীলফামারীর কিশোরীগঞ্জ বহুমূখী মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠের সৌন্দর্য নষ্ট করে অবৈধভাবে দোকান ঘর নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। রবিবার দুপুরে ওই বিদ্যালয়ের সামনে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে শতাধিক বিক্ষুদ্ধ জনতা ইউএনও এর মাধ্যমে জেলা প্রশাসককে স্মারকলিপি দেন।
মানববন্ধনে বক্তব্য দেন পুটিমারী ইউপি চেয়ারম্যান আবু সায়েম লিটন, সাবেক শিক্ষার্থী নজরুল ইসলাম দুলু, ওবায়দুর রহমান, আব্দুর রাজ্জাক, এবি মালেক ও অভিভাবক শরিফুল ইসলাম, এনামুল হক প্রমূখ। এসময়ে বক্তাগণ বলেন, নিয়ম নীতির তোয়াক্কা না করে বাণিজ্যিক উদ্দেশ্যে বিদ্যালয়ের প্রধান ফটকের দুই পাশে ৩০টি দোকানঘর নির্মাণ করেছে। লিখিত অঙ্গীকার দেওয়ার পরও কতিপয় শিক্ষক মোটা অংকের জামানতের টাকার লোভে শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৫ সালের প্রজ্ঞাপন উপেক্ষা করে প্রধান ফটক সংলগ্ন পূর্ব পাশে দোকান ঘর নির্মাণ শুরু করেন।
দোকানভাড়া, জামানতের টাকা ও প্রায় ১৫শ’ শিক্ষার্থীর ভর্তি ও বেতের টাকা হাতে- হাতে আদায় করে শিক্ষকগণ ভাগবাটোয়ারা করে নেন। দোকান ঘর নির্মাণ কাজ বন্ধ করে, বিদ্যালয়ের দীর্ঘদিন ধরে অর্থ কেলেঙ্কারির বিষয়টি খতিয়ে দেখার জোর দাবি জানান বক্তারা । এ ব্যাপারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম জানান , তার চাকুরী কাল শেষ সময়ে পৌঁছেছে। আগামী ৩ তারিখে বিদায় অনুষ্ঠান ।সহকারী প্রধান শিক্ষক ও কয়েকজন সরকারি শিক্ষক মিলে তারা এটি করেছে।
Related