
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় জ্বালানি তেল সরবরাহ সংক্রান্ত সরকারি নির্দেশনা অমান্য করার অভিযোগে একটি ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে। উপজেলার মহিপুর এলাকায় অবস্থিত শাহ আলম ফিলিং স্টেশন–এ এ অভিযান পরিচালনা করেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার। অভিযানে দন্ডবিধি, ১৮৬০ এর ১৮৮ ধারায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) থেকে জারি করা নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেল বিক্রয়, সংরক্ষণ এবং সরবরাহের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট শর্তাবলী মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু শাহ আলম ফিলিং স্টেশন কর্তৃপক্ষ ওই চিঠিতে উল্লেখিত শর্তাবলী যথাযথভাবে পরিপালন করেনি বলে অভিযোগ পাওয়া যায়। এর প্রেক্ষিতে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে মনিটরিং করে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জরিমানা আরোপ করে।
জানা গেছে, ফিলিং স্টেশনটি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিলার হিসেবে পরিচালিত হয়ে আসছে। জ্বালানি তেল সরবরাহ ও বিক্রয়ের ক্ষেত্রে সরকারি বিধি-নিষেধ এবং নির্দেশনা বাস্তবায়ন নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা প্রশাসন নিয়মিত নজরদারি অব্যাহত রেখেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার বলেন, জ্বালানি তেল সরবরাহ ও বিক্রয়ের ক্ষেত্রে সরকারি নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে সকল ফিলিং স্টেশন মালিকদের নির্ধারিত নিয়ম ও শর্তাবলী মেনে চলার জন্য সতর্ক করা হয়েছে।
তিনি আরও জানান, জনস্বার্থ রক্ষা এবং জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের মনিটরিং কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Related