


রংপুরের তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ইয়াছিন আলী (৬০) নামে এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ২৯ মে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত ইয়াছিন আলী উপজেলার ইকরচালী ইউনিয়নের দক্ষিণ হাজীপুর মাঝাপাড়া গ্রামের মৃত কালটা মামুদের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত (২০মে) বৃহস্পতিবার রংপুরে কর্মস্থল হতে নিজ বাড়ি ফিরছিলেন উপজেলার কুর্শা ইউনিয়নের পশ্চিম রহিমাপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মমিনুল ইসলাম (২৭)। ওই সময় ইকরচালী ইউনিয়নের বাড়াবাড়ি বাজার সংলগ্ন রংপুর-সৈয়দপুর মহাসড়কে মোটরসাইকেল চালক মমিনুল ইসলাম ( ইয়ামাহা এফজেডএস রংপুর মেট্রো-ল -১১-৬৭৯০) একটি মোটরসাইকেল ধাক্কা দেন ইয়াছিন আলীকে।
এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। সেখানে দীর্ঘ কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর (২৯মে) শুক্রবার সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই মহসিন আলী বলেন, এমন দুর্ঘটনা আমি মেনে নিতে পারছিনা। আমার আগেই আমার ছোট ভাই চলে যাবে কেন। ভাইয়ের বড় মেয়ে রেজিয়া পারভীন ৪৫, পারভীন আক্তার ৩৫, ছেলে ইসমাইল হোসেন ৪২, সিরাজুল ইসলাম ৩৮ আজ হতে এতিম হয়ে গেল। আল্লাপাক আমাদের সবাইকে হেফাজত করো।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় তারাগঞ্জ থানায় একটি সড়ক দুর্ঘটনা মামলা (১৪/৪১ দায়ের করা হয়েছে।