


রংপুরের তারাগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের দায়ে তিনজনকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার সন্ধ্যা ৬টায় উপজেলার আলমপুর ইউনিয়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনের দায়ে হামিদুল ইসলাম (৫০) ও আব্দুর রাজ্জাক (৫১) এই দুইজনকে ছয় মাস করে এবং মোকছেদ ইসলাম (২৫) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে অর্থদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত হামিদুল ইসলাম তারাগঞ্জ উপজেলার ফাজিলপুর এলাকার সেরমস্ত টিনওয়ালা পাড়া গ্রামের মকবার হোসেনের ছেলে। মোকছেদ ইসলাম একই এলাকার মজিবর রহমানের ছেলে। অপর দণ্ডপ্রাপ্ত আব্দুল রাজ্জাক উপজেলার চিকলিহাট এলাকার দোয়ালীপাড়া গ্রামের সমসের আলীর ছেলে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাববর হোসেন। এ সময় তারাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. রাজু মিয়া প্রসিকিউশন দাখিল করেন। অভিযানে সার্বিক সহযোগিতা করে তারাগঞ্জ থানা পুলিশের একটি দল। মাদক নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।