


রংপুরের তারাগঞ্জে একটি ছাত্রাবাসে হেরোইনসহ বাদশা মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে তারাগঞ্জ থানা পুলিশের হাতে সোপর্দ করেছেন স্থানীয়রা।
শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের জদ্দিপাড়ায় সেকেন্দার আলীর আল মদিনা ছাত্রাবাস থেকে তাকে আটক করা হয়। আটককৃত বাদশা মিয়া বদরগঞ্জ উপজেলার চাম্পাতলী এলাকার আলীয়ার রহমানের ছেলে।
জানা গেছে, আটক বাদশা মিয়া কৌশলে কুর্শা ইউনিয়নের জদ্দিপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। বিষয়টি স্থানীয় যুবদলের সাবেক সদস্য সচিব রাসেল মন্ডলসহ কয়েকজনকে অবহিত করেন।
শুক্রবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে স্থানীয় যুবকদের সহায়তায় রাসেল মন্ডল ওই সময় মাদক ব্যবসায়ী বাদশা মিয়াকে হেরোইনসহ হাতেনাতে আটক করে। আটকের পর তাকে তারাগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
যুবদল নেতা রাসেল মন্ডল জানান, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ ও তরুণ সমাজকে রক্ষায় সর্বদা প্রস্তুত থাকবো।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইজার উদ্দিন বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গতকাল শনিবার আসামী বাদশাকে আদালতের মাধ্যমে দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।