


কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৩টি ইটভাটার মালিককে ৩ লক্ষ টাকা জরিমানা ধার্য পূর্বক আদায় করেছে ভ্রাম্যমান আদালত। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযানে এই জরিমানা আদায় করা হয়। সোমবার (২০ জানুয়ারি) বিকেলে ভুরুঙ্গামারী উপজেলা প্রশাসন ও কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তাহমিদুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,উক্ত আইনের ৫(১) ধারা ভঙ্গ করে ইট প্রস্তুত করার উদ্দেশ্যে মাটি সংগ্রহ করে ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করার অপরাধে উপজেলার আইকুমারীভাতি এলাকার মেসার্স টি এম এইচ ব্রিকস নামের ইটভাটা কর্তৃপক্ষকে ১ লক্ষ টাকা, পাইকেরছড়া এলাকার মেসার্স মুন ট্রেডার্স নামের ইটভাটা কর্তৃপক্ষকে ১ লক্ষ এবং গছিডাঙ্গা এলাকার মেসার্স ফ্রেন্ডস ট্রেডার্স নামের ইটভাটা কর্তৃপক্ষকে ১ লক্ষ টাকা করে সর্বমোট ৩টি ইটভাটা মালিককে ৩ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় ও কৃষিজমির মাটি ভাটায় ব্যবহারে সতর্ক করা হয়।
ভ্রাম্যমান আদালতে বিচারিক দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তাহমিদুল ইসলাম এবং প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম। কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন পরিবেশ সুরক্ষা ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।