


দোকানে তেল লুকিয়ে রেখে ক্রেতাকে তেল নেই বলে ফিরিয়ে দিচ্ছেন খুচরা বিক্রেতারা। পরবর্তী সময়ে সেই তেলগুলো বেশি দামে বিক্রি করা হচ্ছে। বৃহস্পতিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার জন্য বাজার তদারকি কার্যক্রমে এ চিত্র দেখা গেছে।
ভোক্তা অধিদপ্তরের কার্যক্রমে দেখা যায়, বাজারে তেলের সংকট নেই। কিন্তু কিছু পাইকারি ও খুচরা অসাধু ব্যবসায়ী অতি মুনাফা লাভের আশায় তেল লুকিয়ে রাখার কারণে বাজারে কৃত্রিম সংকট দেখানো হচ্ছে। ঢাকা বিভাগীয় উপ-পরিচালক বিকাশ চন্দ্র দাস এর নেতৃত্বে ঢাকা মহানগরের কাওরানবাজারে ভোজ্যতেলের ওপর তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
অন্যদিকে ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার এবং ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম শান্তিনগর বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শান্তিনগর বাজারের দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।