


কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশী দামে সার বিক্রি করার দায়ে বিসিআইসি অনুমোদিত ৫ সার ডিলারকে ১ লক্ষ ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (২২ জানুয়ারি ) দুপুরে উপজেলা সদরের ৫ সার ডিলারের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।
জানাগেছে, বুধবার সকালে নুর ইসলাম নামের এক কৃষক মেসার্স শহিদুল আলম ট্রেডাঃ এর দোকান থেকে ১ বস্তা ডিএপি স্যার ১৪৫০ টাকায় ক্রয় করেন। যার সরকারী নির্ধারিত মূল্য ১০৫০ টাকা। পরে ওই কৃষক উপজেলা কৃষি কর্মকর্তার অফিসে গিয়ে ওই স্যার দোকানের মালিক শহিদুল আলমকে ফোন করে ডিএপি সারের দাম জিজ্ঞাসা করেন। ফোনে এক বস্তা ডিএপি সারের দাম ১৪৫০ টাকা চান শহিদুল ইসলাম। এই তথ্যের সত্যতা পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবহিত করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস এর নেতৃত্বে ৫ জন সার ডিলারের ব্যাবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
উক্ত ভ্রাম্যমান আদালতে সারের অতিরিক্ত মূল্য রাখার দায়ে মেসার্স ঝনারধন চন্দ্র সাহা কে ৩০ হাজার টাকা, মেসার্স নিতাই চন্দ্র সাহাকে ৩০ হাজার টাকা, মেসার্স হিরালাল চন্দ্র সাহাকে ৩০ হাজার টাকা, মেসার্স সুমন ট্রেডার্স কে ৩০ হাজার টাকা ও মেসার্স সহিদুল আলম ট্রেডার্স কে ২৫ হাজার টাকাসহ মোট ১ লক্ষ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সহকারি কমিশনার (ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার উপস্হিত ছিলেন।
স্থানীয়দের অভিযোগ মেসার্স ঝনারধন চন্দ্র সাহা চর- ভূরুঙ্গামারী ইউনিয়ন, মেসার্স নিতাই চন্দ্র সাহা সোনাহাট ইউনিয়ন, মেসার্স হিরালাল চন্দ্র সাহা আন্ধারিঝাড় ইউনিয়ন ও মেসার্স সহিদুল আলম ট্রেডার্স তিলাই ইউনিয়নের বিসিআইসি অনুমোদিত সার ডিলার হলেও ওই সব ইউনিয়নে না গিয়ে তারা প্রত্যেকে ভূরুঙ্গামারী সদরে নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সার বিক্রি করেন। এতে কৃষকের অতিরিক্ত সময় ও পরিবহন খরচ ব্যয় করতে হয়।
উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস বলেন, সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২(৩) ধারা লঙ্ঘন করার অপরাধে ওই ৫ সার ডিলারকে জরিমানা করা হয়েছে এবং প্রত্যেক ডিলারকে নিজ নিজ ইউনিয়নে সার বিক্রির জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।