


ব্রহ্মপুত্র নদের পারে স্বজনদের আহাজারি। কান্নার আওয়াজ ভারি হয়ে উঠেছে সেখানকার পরিবেশ। গেল ২৪ ঘণ্টারও খোঁজ মেলেনি দুই ভাইয়ের। একসঙ্গে আপন দুই সহোদরের এমন মৃত্যুর ঘটনায় শোকে নিস্তব্ধ হয়েছে এলাকার মানুষজন।
জানা গেছে, গত শনিবার বেলা তিনটার দিকে কুড়িগ্রামের উলিপুর উপজেলা বুড়াবুড়ি ইউনিয়নের চর জলাঙ্গারকুঠি গ্রামে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ডুবে যায় ইব্রাহিম আলী (১২) ও ইমরান হোসেন (৮) নামে দুই ভাই। এরপর থেকে তাদের আর খোঁজ মেলেনি। খবর পেয়ে উলিপুর থানার ওসি ও ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সহায়তায় প্রায় ১০ঘণ্টা উদ্ধার অভিযান চালালেও নিখোঁজ দুই ভাইকে উদ্ধার করতে পারেনি।
ইমরান ও ইব্রাহিম ছোট বেলা থেকেই ওই চরের বাসিন্দা নানা ইসলাম আলীর বাড়িতেই থাকে।
উলিপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আব্দুর রাজ্জাক মণ্ডল বলেন, গত ১৮ ঘণ্টা ধরে উলিপুর এবং রংপুর থেকে ৬ জনের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান চালালেও নিখোঁজ শিশুটি দুটির সন্ধান পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে ব্রহ্মপুত্রের স্রোত থাকায় ভাটির দিকে যেতে পারে।