


কুড়িগ্রামের উলিপুরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। বুধবার (১১জুন) বিকেলে উলিপুর বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত দুটি বাস কাউন্টার মালিককে আর্থিক জরিমানা করে।
অভিযানে বাসের কাউন্টারে ভাড়ার তালিকা না টানানোর জন্য তৃষা পরিবহণের মালিককে পাঁচ হাজার ও মৌসুমী এন্টারপ্রাইজ-২ পরিবহণের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উলিপুর উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) নয়ন কুমার সাহা ও বাংলাদেশ সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাপ্টেন খালিদসহ আইনশৃঙখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা বলেন, কয়েকটি কাউন্টারে আমরা সেনাবাহিনীসহ অভিযান পরিচালনা করেছি। যেসব কাউন্টারে অপরাধ সংঘটিত হয়েছে, সেখানে মোবাইল কোর্ট আইন অনুযায়ী অর্থদণ্ড করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর কুড়িগ্রামের ক্যাপ্টেন খালিদ জানান, ঈদ পরবতী ঢাকাগামী যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াতে এবং হয়রানি কমানোর জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।