


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলমের কাছ থেকে আখতার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের নেতারা।
এসময় জাতীয় নাগরিক পার্টির রংপুর জেলা কমিটির আহ্বায়ক মো. আল মামুন, মহানগরের সদস্য সচিব আব্দুল মালেক, জেলার যুগ্ম আহ্বায়ক আলমগীর নয়ন, আবু রায়হান, রংপুর-৪ আসন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ-আল মামুনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এর আগে আখতার হোসেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি এবং সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং সাধারণ সম্পাদক ছিলেন। তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির প্রতিষ্ঠাতা ছিলেন। পুলিশি নির্যাতন-নিপীড়নেও না হারা ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম মুখ আখতার হোসেন। জুলাই আন্দোলনে অসামান্য অবদান রয়েছে তার। এবারেই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে লড়ছেন তরুণ এই রাজনীতিবিদ।
রংপুর জেলার ছয়টি আসনের মধ্যে রংপুর-৪ আসনে আলোচনায় তিন প্রার্থী। এ আসনে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির প্রার্থীকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে। তবে অনেকেই মনে করছেন, জাতীয় পার্টির প্রার্থী পীরগাছার সাবেক উপজেলা চেয়ারম্যান আবু নাসের শাহ মাহবুবার রহমান নির্বাচনের মাঠে থাকলে প্রতিদ্বন্দ্বিতা ত্রি-মুখী হবার সম্ভাবনা রয়েছে।
রংপুর-৪ আসনে দুটি উপজেলায় পাঁচজন হিজড়াসহ মোট ভোটার ৫ লাখ নয় হাজার ৯০৬ জন। স্বাধীনতার পর থেকে এই আসনে আওয়ামী লীগ ৬ বার, জাতীয় পার্টি ৪ বার এবং বিএনপি ১ বার জয় পেয়েছিল।