


কুড়িগ্রামের উলিপুরে অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের মাটি কাটা ও বুড়িতিস্তার পাড় কাটার দায়ে পৃথক অভিযানে ভ্রাম্যমাণ আদালত দুইজনকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা এবং দুইটি ট্রাক্টর জব্দ করা হয়েছে। মঙ্গলবার দিন-রাত উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।
দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার তবকপুর ইউনিয়নের উমানন্দ কারিপাড়া এলাকায় আল আরাফাত হোসেন নামে এক ব্যক্তিকে মঙ্গলবার রাতের আঁধারে কৃষি জমি থেকে মাটি উত্তোলনরত অবস্থায় পাওয়া যায়। তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭ক(গ) ধারা লঙ্ঘনে ১৫ ধারায় এক লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, ওই দিন বিকেলে উলিপুর পৌরসভার ব্র্যাক অফিসের পিছনে বুড়িতিস্তার পাড় থেকে মাটি নিয়ে যাওয়ায় রাকিব নামে এক ব্যক্তিকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাদেরকে দুই মামলায় এক লক্ষ ২৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করেন।
এ ছাড়াও, উপজেলার দূর্গাপুর ইউনিয়ন ও পৌরসভার চিলমারী রোডের পাশ থেকে মাটি বহন করায় দুইটি ট্রাক্টর জব্দ করা হয়। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে মাটি কাটা ও বিভিন্ন আইন লঙ্ঘনের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।