1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
মেসির বিশ্বকাপ দলে থাকাটাই আমার জন্য সৌভাগ্যের: স্কালোনি | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

মেসির বিশ্বকাপ দলে থাকাটাই আমার জন্য সৌভাগ্যের: স্কালোনি

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ২৬ জন দেখেছেন

৩৮ বছর বয়সে রেকর্ড ৬ষ্ঠ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। যদিও আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি সপ্তাহ খানেক আগে জানিয়েছেন, মেসি এখনও সিদ্ধান্ত নেননি বিশ্বকাপ খেলবেন কি না।
কিন্তু এক সপ্তাহ পরই ভিন্ন কথা বললেন বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের কোচ। মেসিকে নিয়ে আশাবাদী মন্তব্য করলেন তিনি। স্কালোনি জানিয়েছেন, আসন্ন ফিফা বিশ্বকাপে মেসি খেললে সেটি পুরো দলের জন্যই হবে এক বিশেষ সৌভাগ্যের এবং তার জন্য স্বস্তির বিষয়। তবে এখনো পর্যন্ত মেসি নিজে নিশ্চিত করেননি, তিনি বিশ্বকাপে খেলবেন কি না।

মঙ্গলবার জাম্বিয়ার বিপক্ষে ৫-০ গোলের বড় জয়ের পর স্কালোনি বলেন, ‘মেসি যদি বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত নেয়, সেটা আমাদের জন্য বিশাল প্রাপ্তি হবে। আমরা সবাই চাই সে যেন উপভোগ করে খেলতে পারে। তাকে স্বাচ্ছন্দ্য দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এখন সে আগের চেয়ে অনেকটাই চাপমুক্ত, কারণ ইতোমধ্যে বিশ্বকাপ জিতেছে। আমাদের মতোই সে চায় দলে থাকতে এবং এই অভিজ্ঞতার অংশ হতে। তবে শেষ সিদ্ধান্ত তারই- আমরা তাকে সব দিক থেকেই সমর্থন করব।’
এই ম্যাচে জাম্বিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখান ৩৮ বছর বয়সী মেসি। বুয়েন্স আয়ার্সে ঐতিহাসিক লা বোমবোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তিনি প্রথমে হুলিয়ান আলভারেজকে দিয়ে দলের প্রথম গোলটি করান, এরপর নিজেও গোল করেন। এর মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১১৬, আর পুরো ক্যারিয়ারে মোট গোল ৯০২-এ পৌঁছেছে।

মেসির অসাধারণ ধারাবাহিকতা নিয়ে স্কালোনি বলেন, ‘সে চাইলে ১০০০ গোলের মাইলফলকেও পৌঁছাতে পারে। তবে সেটা নির্ভর করছে সে আর কতদিন খেলে তার ওপর।’ ২০২২ সালের বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা থেমে থাকেনি। দলটি ২০২৪ সালের কোপা আমেরিকা জিতেছে এবং দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বেও দারুণ আধিপত্য দেখাচ্ছে। তবুও স্কালোনি সতর্ক করে দিয়ে বলেন, আসন্ন বিশ্বকাপ সহজ হবে না। তার ভাষায়, ‘বিশ্বকাপ সবসময়ই কঠিন, এবারও তার ব্যতিক্রম হবে না। খেলোয়াড়দের শারীরিক ও মানসিকভাবে সেরা অবস্থায় থাকতে হবে। সামনে যে চ্যালেঞ্জ আসছে তা খুবই কঠিন। আমাদের সেই অনুযায়ী প্রস্তুতি নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘দলে কিছু কিংবদন্তি খেলোয়াড় ছিলেন, যারা বিশ্বকাপ ও কোপা আমেরিকায় আমাদের অনেক কিছু দিয়েছেন। তাদের জায়গা পূরণ করা সহজ নয়।’ এদিকে নতুন প্রজন্মের খেলোয়াড়দের মধ্যেও উঠে আসছে সম্ভাবনা। ২১ বছর বয়সী মিডফিল্ডার ভ্যালেন্টিন বার্কো জাতীয় দলে নিজের জায়গা করে নিতে লড়ছেন। ফ্রান্সের ক্লাব আরসি স্ট্রাসবুর্গ-এ খেলা এই তরুণ মঙ্গলবারের ম্যাচেই জাতীয় দলের হয়ে দ্বিতীয় ম্যাচে প্রথম গোল করেন।
বার্কো বলেন, ‘জাতীয় দলে খেলার সুযোগ পাওয়া আমার জন্য স্বপ্নের মতো। বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে, এমন এক মিডফিল্ডে খেলা যেখানে সবাই শীর্ষ মানের- এটা আমার জন্য গর্বের বিষয়।’

চূড়ান্ত বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমি প্রতিদিন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। ক্লাবের পারফরম্যান্সই শেষ পর্যন্ত জাতীয় দলে সুযোগ এনে দেয়। এটা বিশ্বের সেরা দল, আর এখানে জায়গা পাওয়া সবচেয়ে কঠিন।’
সব মিলিয়ে আর্জেন্টিনা এখন শক্তিশালী অবস্থানে থাকলেও দলের সবচেয়ে বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে একটিই—লিওনেল মেসি কি শেষবারের মতো বিশ্বকাপে খেলবেন? তার সিদ্ধান্তই নির্ধারণ করবে বিশ্ব ফুটবলের অন্যতম বড় আকর্ষণের ভবিষ্যৎ।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )