


কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলা অবস্থায় ৬ জুয়ারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৩ এপ্রিল) রাতে গুনাইগাছ ইউনিয়নের নেফড়া খারিজাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- নেফড়া এলাকার আমিনুল ইসলাম, একই এলাকার সাইদুল ইসলাম, সাদ্দাম হোসেন, ফয়জার রহমান ও থেতরাই এলাকার আক্কাস আলী, আশরাফুল ইসলাম।
জানা গেছে, গুনাইগাছ ইউনিয়নের নেফরা গ্রামে দীর্ঘদিন ধরে জুয়ার আসর চলে আসছিল। সেখানে স্থানীয় লোকজনসহ বহিরাগত লোকেরা এসে রাতভর জুয়া খেলছিল। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার সময় হাতেনাতে জুয়ার তাস নগদ টাকাসহ ছয় জুয়ারিকে আটক করে। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম বলেন, আটককৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে। কুড়িগ্রামে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়ারিদের গ্রেফতার করছি। জুয়া নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।