


সারা দেশে জ্বালানি তেলের সংকট নিয়ে যখন আলোচনা চলছে, তখন গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। চরাঞ্চলের প্রান্তিক কৃষক ও নৌকার মাঝিদের জন্য সহজলভ্য করতে বিশেষ ডিজেল বিক্রি কার্যক্রম শুরু করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ফুলছড়ি উপজেলার বালাসীঘাটে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। উদ্বোধনকালে তিনি বলেন, চরাঞ্চলের মানুষের জীবনযাত্রা সহজ করা এবং কৃষি উৎপাদন সচল রাখতে জ্বালানির সরবরাহ নিশ্চিত করা জরুরি। এ উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠী সরাসরি উপকৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচএম সোলায়মান শহীদ প্রমুখ। রসুলপুর পেট্রোলিয়াম নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে এই বিশেষ বিক্রি কার্যক্রম পরিচালিত হচ্ছে। এদিন স্থানীয় কৃষক, নৌকার মাঝিদের ১০ লিটার করে তেল বিক্রি করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ফুলছড়ির ফজলুপুর ও এরেন্ডাবাড়ী ইউনিয়নের চরাঞ্চলে বসবাসকারী কৃষক ও মাঝিরা দীর্ঘদিন ধরে জ্বালানি সংকটে ভুগছিলেন। বিশেষ করে বোরো মৌসুমে সেচকাজ ও নদীপথে চলাচলের জন্য ডিজেলের ওপর তাদের নির্ভরতা বেশি। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে নির্ধারিত দামে সহজে ডিজেল সরবরাহ নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্যোগটি ইতিমধ্যে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরিয়েছে। কৃষক ও মাঝিরা জানান, আগে দূর থেকে বেশি দামে জ্বালানি সংগ্রহ করতে হতো। এখন কাছেই নির্ধারিত দামে ডিজেল পাওয়া যাচ্ছে, ফলে সময় ও খরচ দুটিই কমবে।