


হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির সম্মুখে ৩৫ জন সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। হাবিপ্রবি বন্ধুসভার সহ-সভাপতি সৌরভ রাজের সঞ্চালনায় উক্ত কম্বল বিতরণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শফিকুল ইসলাম সিকদার এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত বন্ধুসভা হাবিপ্রবির উপদেষ্টা অধ্যাপক ড. এস. এম. এমদাদুল হাসান, অধ্যাপক ড. মোঃ শামসুজ্জোহা, অধ্যাপক ড. মহিদুল হাসান, অধ্যাপক ড. মো. আরিফুজ্জামান।
উক্ত কর্মসূচির বিষয়ে হাবিপ্রবি বন্ধুসভার সভাপতি রুশাদ-বিন-আনোয়ার বলেন, উত্তরাঞ্চলে সম্প্রতি শীতের তীব্রতা অত্যাধিক বেড়ে গেছে। এই তীব্র শীতে অসহায় ছিন্নমূল মানুষদের পাশে দাঁড়াতেই প্রতিবারের ন্যায় এবারেও আমাদের এই আয়োজন করা হয়েছে। এতে যদি সুবিধাবঞ্চিত মানুষদের সামান্য উপকারও হয় সেটাই হাবিপ্রবি বন্ধুসভার স্বার্থকতা।
উক্ত কর্মসূচিতে উপস্থিত হয়ে ভবিষ্যতেও মানবিক কাজে হাবিপ্রবি বন্ধুসভাকে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শফিকুল ইসলাম সিকদার। তিনি বলেন, অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণের মতো মানবিক কাজের জন্য প্রথম আলো বন্ধুসভা, হাবিপ্রবিকে অসংখ্য ধন্যবাদ।
বিবেক এবং মানবিকতাই পারে দেশ ও জাতিকে এগিয়ে নিতে। এই কাজের মাধ্যমে শীতার্ত মানুষদের মুখে ক্ষনিকের হাসি ফুটানোই সংগঠন হিসেবে বন্ধুসভার সফলতা। ভবিষ্যতে এরকম কর্মসূচি আরও বৃহৎ পরিসরে আয়োজন করার জন্য বন্ধুসভাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
এসময় সমাজের উচ্চবিত্ত সকল মানুষকে শীতার্ত মানুষদের কষ্ট লাঘবের জন্য হাতে হাত রেখে এগিয়ে আসার জন্য আহ্বান করেন তিনি।
প্রসঙ্গত, প্রথম আলো বন্ধুসভা সাহিত্য, শিল্প- সংস্কৃতি, খেলাধুলা ও বিজ্ঞানভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন সময়ই নানারকম স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।