


দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফুটবল কোচিং সেন্টার নীলফামারী চ্যাম্পিয়ন হয়েছে। তারা (ফুটবল কোচিং সেন্টার নীলফামারী) টাইব্রেকারে সৈয়দপুর ফুটবল একাডেমিকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
শুক্রবার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটায় পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের বেলাইচন্ডী বাসস্ট্যান্ড সংলগ্ন মুনপুরা মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় সৈয়দপুর ফুটবল একাডেমি বনাম ফুটবল কোচিং সেন্টার নীলফামারী পরস্পরের মুখোমুখি হয়। খেলা শুরুর নয় মিনিটের মধ্যে ফুটবল কোচিং সেন্টার নীলফামারীর ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মো. সাগর দলের পক্ষে প্রথম গোলটি করেন। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর অল্প কিছু সময়ের মধ্যে সৈয়দপুর ফুটবল একাডেমির ২ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মো. রিফাত দলের পক্ষে একটি গোল করে খেলায় সমতা ফিরে আনেন। দ্বিতীয়ার্ধে তীব্র উত্তেজনাপূর্ণ খেলাটি নির্ধারিত সময়ে ১-১ গোলে অমীমাংসিত থাকে। এতে করে খেলাটি টাইব্রেকারে গড়ায়। পরে টাইব্রেকারে ফুটবল কোচিং সেন্টার নীলফামারী ৩-০ গোলে সৈয়দপুর ফুটবল একাডেমিকে হারিয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। আর রানার্স আপ হয়েছে সৈয়দপুর ফুটবল একাডেমি। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন চ্যাম্পিয়ন দল ফুটবল কোচিং সেন্টার নীলফামারীর গোলকিপার মো. জসিম। আর টুর্নামেন্টের সেরা টীম ম্যানেজার নির্বাচিত হয়েছেন ফুটবল কোচিং সেন্টার নীলফামারীর সুশান্ত রায়। শুক্রবারের ফাইনাল খেলায় রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন তুষার সরকার। সহকারী রেফারী ছিলেন মো. সাদ্দাম ও মো. ইমামুল হক। আর বরাবরের মতো ফাইনাল খেলায়ও ধারাভাষ্য বর্ণনায় ছিলেন দিনাজপুরের সনামধন্য ধারা ভাষ্যকার দিনাজপুরের পার্বতীপুুরের মো. খোরশেদ রায়হান এবং বীরগঞ্জ উপজেলার মো. তইফুল ইসলাম তপু।
গতকালকের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী এ.জেড.এম আরিফুল হক রিয়েল। বিশেষ অতিথি ছিলেন পার্বতীপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব এজেডএম মেনহাজুল হক ও বেলাইচন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আলহাজ্ব মো. শহীদুল ইসলাম সরকার। বেলাইচন্ডী ইয়ং সোসাইটির সভাপতি (ভারপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ফাইনাল খেলায় অন্যান্যদের মধ্যে সোসাইটির প্রধান উপদেষ্টা অধ্যাপক আলহাজ্ব মো. জালাল উদ্দিন আহমেদ, পার্বতীপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত হোসেন সাদো, সাংগঠনিক সম্পাদক ও পার্বতীপুর আদর্শ ডিগ্রি কলেজ অধ্যক্ষ মো: মোখলেছুর রহমান, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, টুর্নামেন্ট পরিচালক বেলাইচন্ডী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হানিফ উদ্দিন প্রমানিক, বেলাইচন্ডী ইয়ং সোসাইটির সভাপতি মো. জাহাঙ্গীর আলম বিপ্লব, সাবেক সভাপতি একেএম খুরশীদ আলম মজনু, সাধারণ সম্পাদক বাবর আলী, কোষাধ্যক্ষ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া পিন্টু, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান, শাহজাহান আলী সাজু, শাহাদাৎ হোসেন আলমগীর, ইদ্রিস আলীসহ সংগঠনটির সকল সদস্যরা উপস্থিত ছিলেন। ফাইনাল খেলাটি নানা বয়সী বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত হয়ে তীব্র উত্তেজনাপূর্ণ খেলাটি উপভোগ করেন। খেলায় শেষে প্রধান অতিথি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে ট্রফি ও প্রাইজমানির তুলে দেন। এবারে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স -আপ দলকে প্রাইজমানি হিসেবে যথাক্রমে এক লাখ পঞ্চাশ হাজার টাকা এবং এক লাখ টাকা প্রদান করা হয়েছে। গতকাল ৭ ফেব্রুয়ারি (শুক্রবার) টুর্নামেন্টের ফাইনাল খেলার মধ্যদিয়ে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪-২০২৫ টুর্নামেন্টের অষ্টম আসরের পরিসমাপ্তি ঘটে।
গত ২৭ ডিসেম্বর দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। ওই দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন দিনাজপুর -৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সাবেক সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক। এ ফুটবল টুর্নামেন্টে পঞ্চগড়ের বোদা উপজেলা টু-স্টার ফুটবল একাডেমি, রংপুরের পীরগঞ্জের জয় স্পোটিং ক্লাব, রাজশাহীর ফুটবল একাডেমি, সিরাজগঞ্জের সবুজ সংঘ ইয়াং স্টার ক্লাব, কুষ্টিয়া পোড়াদহ্ ওয়ান্ডার্ট ক্লাব, বগুড়ার শেরপুর ফুটবল একাডেমি, সৈয়দপুর ফুটবল একাডেমী ও ফুটবল কোচিং সেন্টার নীলফামারী আটটি ফুটবল দল অংশ গ্রহন করে।