
নতুন সদস্য সংগ্রহ এবং কমিটি গঠনের অংশ হিসেবে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ছাত্রদলের ফরম বিতরণ ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। হাবিপ্রবি ছাত্রদলের সদস্যসচিব ফরহাদ ইসলামের সঞ্চালনা এবং আহ্বায়ক পলাশ বার্নাড দাসের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জকির উদ্দিন আবির, প্রধান বক্তা হিসেবে ছিলেন যুগ্ম সাধারন সম্পাদক রাব্বি হাসান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারন সম্পাদক সাইদুল ইসলাম।
কর্মী সম্মেলনকে ঘিরে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। কর্মীসম্মেলনে কেন্দ্রীয় নেতারা ছাত্ররাজনীতির প্রয়োজনীয়তা ও গুরুত্ব, ছাত্রদলের ত্যাগের ইতিহাস এবং ছাত্রদলের বিভিন্ন কার্যক্রমসহ সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন। এসময় কমিটি গঠণ এবং নেতৃত্ব নির্বাচনে ত্যাগী, সাহসী এবং ছাত্রদের অধিকার নিয়ে যারা কাজ করবে তাঁদেরকে বেছে নেওয়া হবে বলে জানান কেন্দ্রীয় নেতারা।
তবে বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনৈতিক কর্মসূচী পালনে নিষেধাজ্ঞা থাকায় এরকম সমাবেশের অনুমতি নেই বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ শামসুজ্জোহা। এ ব্যাপারে তিনি বলেন, আজকের এই প্রোগ্রামের বিষয়ে আমি এবং ছাত্র পরামর্শ বিভাগের পরিচালক কোনভাবেই অবগত ছিলাম না। আমরা যখন খবর পাই তাৎক্ষণিক সমাবেশস্থানে যেয়ে ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে বসেছি এবং তাদের নিষেধ করেছি। তবুও তারা আয়োজন করেছে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবিরের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এ বিষয়ে প্রক্টর এবং অ্যাডভাইজরের একটা রিপোর্ট দেওয়ার কথা। তাঁরা আমাকে রিপোর্ট করলে তারপর আমি এ বিষয়ে বলতে পারবো। ক্যাম্পাসে সমাবেশ করার বিষয়ে হাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বার্নার্ড পলাশের সাথে যোগাযোগ করলে রাজনীতির গুণগত মানোন্নয়নে ছাত্ররাজনীতির প্রয়োজন আছে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী অনুসারী স্যারের স্বাক্ষরিত ছাত্ররাজনীতি নিষিদ্ধের অফিস আদেশ আমরা মানি না। গুনগত রাজনীতি পরিবর্তনের জন্য ক্যাম্পাসে অবশ্যই ছাত্ররাজনীতির প্রয়োজন আছে।
উল্লেখ্য, গত ১১ আগস্ট তৎকালীন রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ সাইফুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে হাবিপ্রবিতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের জন্য সকল ধরনের দলীয় রাজনীতি নিষিদ্ধ করা হয়।
Related