
লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা এলাকায় অবৈধ বালু উত্তোলনে বাধা দেওয়ায় ইউপি সদস্যের নেতৃত্বে যুবদল ও ছাত্রদলের পাঁচ নেতাকর্মী এবং ভিডিও ধারণ করায় এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে চ্যানেল-২৪-এর সাংবাদিক মাহফুজুল ইসলাম বকুল আদিতমারী থানায় ইউপি সদস্য আবু তালেব আবুসহ ৯ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। এছাড়া, মহিষখোচা ইউনিয়ন যুবদলের সভাপতি ওয়াহেদুজ্জামান আবির আরও একটি অভিযোগ দায়ের করেছেন।
হামলায় আহতদের মধ্যে রয়েছেন মহিষখোচা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি সুমন মিয়া (৩৫), সিনিয়র সহ-সভাপতি নুরুন নবী জুয়েল (৩৭), মহিষখোচা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মমিন (২৬) ও যুবদল সদস্য নুর আলম (৩২)। তারা আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে মহিষখোচা ইউনিয়ন যুবদলের সভাপতি ওয়াহেদুজ্জামান আবিরসহ কয়েকজন নেতা বালু বিক্রির খবর পেয়ে চন্ডিমারী গ্রামে যান। খবর পেয়ে সাংবাদিক মাহফুজুল ইসলাম বকুলও সেখানে যান এবং রাতের আঁধারে তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দৃশ্য ক্যামেরায় ধারণ করতে থাকেন।
এসময় ইউপি সদস্য আবু তালেব আবু ও তার সহযোগীরা সাংবাদিক বকুলকে বাধা দেন, গালিগালাজ করেন এবং ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে তারা তার মোটরসাইকেলসহ চারটি মোটরসাইকেল ভাঙচুর করে এবং ক্যামেরা, বুমসহ আনুষঙ্গিক সরঞ্জাম ছিনিয়ে নেয়। সাংবাদিক মাহফুজুল ইসলাম বকুল বলেন, “মহিষখোচা ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মিয়ার প্রত্যক্ষ মদদে প্রতিদিন রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি হচ্ছে। প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না। ভিডিও ধারণ করায় আমার ওপর হামলা চালানো হয়েছে এবং ক্যামেরা, মোটরসাইকেল ও অন্যান্য সরঞ্জাম নিয়ে যাওয়া হয়েছে। আমি থানায় অভিযোগ দিয়েছি, পুলিশ আইনগত ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।”
ইউপি সদস্য আবু তালেব আবু বলেন, “মহিষখোচা ইউনিয়ন বিএনপির সভাপতির নির্দেশে বালু তুলছি, তবে আমি কাউকে হামলা করিনি। লেবারদের সাথে কী হয়েছে, জানি না।” মহিষখোচা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও প্যানেল চেয়ারম্যান আব্দুল মজিত হোচত বলেন, “আমাদের দলের সভাপতি দুলালসহ কয়েকজন নেতা এই বালু উত্তোলনের সঙ্গে জড়িত। আমি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি।”
তবে মহিষখোচা ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মিয়া তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আকবর বলেন, “সাংবাদিকের ওপর হামলার ঘটনা মেনে নেওয়া যায় না। অভিযোগ পেয়েছি, তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
Related