


তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা এবং পুনরুদ্ধার এসব প্রস্তাবিত প্রকল্পের ওপর অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ র্মাচ) রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্ব করেন। সভার শুরুতে প্রকল্পের ওপর ডকুমেন্টারি উপস্থাপন করেন পাওয়ার চায়নার কনসালটেন্ট প্রকৌশলী মকবুল হোসেন। পরে উন্মুক্ত আলোচনা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে পাওয়ার চায়নার কান্ট্রি ম্যানেজার হান কুন বলেন, আমরা এমন এক সময় তিস্তা নদীতে প্রকল্প বাস্তবায়ন করতে এসেছি যখন এখানকার মানুষ জমি ভিটা সম্পদ হারিয়েছে।
এজন্য আমরা শুনতে এসেছি এখানকার মানুষের কথা। এ প্রকল্প ভূরাজনৈতিক প্রেক্ষাপটে কোনো প্রভাব ফেলবে না কারণ এটা একটা বাণিজ্যিক প্রকল্প। যে প্রকল্পে মানুষের উপকার হয় সে প্রকল্পে ভূরাজনৈতিক প্রেক্ষাপট গৌণ। এবং এ প্রকল্প পরিবেশের জন্য ক্ষতিকারক হবে না।
এদিকে সভায় অংশ নেওয়া অংশীজনরা বলেন, তিস্তার দু’পাড়ের বাসিন্দারাসহ উত্তরের অর্থনীতিকে বাঁচাতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই। এসময় প্রতিবছর তিস্তার ভাঙ্গনে উদ্বাস্তু হয়ে ভিটেমাটি হারানোর গল্প তুলে ধরে দ্রুত সময়ে অন্তর্বর্তী সরকারের মেয়াদে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি তোলেন তারা।
এসময় বক্তব্য দেন মহানগর বিএনপি আহবায়ক সামসুজ্জামান সামু, জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন- বাপার রংপুর জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য কনক রহমান, যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপনডেন্ট সরকার মাজহারুল মান্নান, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জহির রায়হান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের আহবায়ক ইমতিয়াজ আহম্মদ ইমতি, জেলা আহবায়ক ইমরান আহমেদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রিভারাইন পিপল ক্লাবের শামসুর রহমান সুমন, গ্রিণ ভয়েসের সোহানুর রহমান প্রমুখ। অংশীজনরা চীন ভারতের রশি টানাটানি বাদ দিয়ে নিজস্ব অর্থায়নে তিস্তা মহা পরিকল্পনার কাজ শুরুর দাবি জানান। বলেন, এই অন্তর্বতিকালীন সরকারের আমলেই এর কাজ উদ্বোধন করতে হবে।
নদী গবেষক, সংগঠক ও অংশীজনরা আরও বলেন, রাজনৈতিক সিদ্ধান্তের অপেক্ষায় তিস্তা প্রকল্প আটকে থাকলেও নদীপাড়ে ভাঙন ও বন্যা থেমে নেই। এই ভাঙনে প্রতিবছর হাজার হাজার মানুষ উদ্বাস্তু হচ্ছে। বিলীন হচ্ছে হেক্টরের পর হেক্টর ফসলি জমি। খরাকালে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও খননের কাজ শুরুর দাবিতে মানববন্ধন করেছেন রংপুরের বাসিন্দারা। চীনের প্রস্তাবিত ‘তিস্তা প্রকল্প’ বাস্তবায়ন হলে বদলে যাবে উত্তরাঞ্চলের পাঁচ জেলার মানুষের ভাগ্য। প্রকল্পটি বাস্তবায়ন হলে শুষ্ক মৌসুমে পানির জন্য ভারতের দিকে তাকিয়ে থাকতে হবে না। নদীর গভীরতা প্রায় ১০ মিটার বাড়বে। বন্যার পানি প্লাবিত হয়ে ভাসাবে না গ্রামগঞ্জের জনপদ।
সারা বছর নৌ চলাচলের মতো পানি সংরক্ষণের ব্যবস্থা রাখা যাবে। এতে আছে ১০৮ কিলোমিটার নদী খনন, নদীর দু’পাড়ে ১৭৩ কিলোমিটার তীর রক্ষা, চর খনন, নদীর দুই ধারে স্যাটেলাইট শহর নির্মাণ, বালু সরিয়ে কৃষিজমি উদ্ধার ও ১ লাখ ১৩ হাজার কোটি টাকার সম্পদ রক্ষা এবং প্রতি বছরে ২০ হাজার কোটি টাকার ফসল উৎপাদন। নৌ-বন্দর এবং আইন-শৃঙ্খলা রক্ষায় দুই পাড়ে থানা, কোস্টগার্ড ও সেনাবাহিনীর জন্য ক্যাম্পের ব্যবস্থার প্রস্তাবও রাখা হয়েছে প্রকল্পটিতে। গত ডিসেম্বরের মধ্যেই চীনের চুক্তি ও টেন্ডার। প্রকল্প ব্যয় সাড়ে ৮ হাজার কোটি টাকা। তিস্তার পানি চুক্তির প্রয়োজন পড়বে না। ৭ থেকে ১০ লাখ মানুষের কর্মসংস্থান। শুষ্ক মৌসুমে তিস্তার পানি প্রত্যাহারের কারণে নদীটির শাখা-প্রশাখা ও উপনদীগুলো ভরাট, দখল ও তিস্তার সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পরিণতিতে ভূগর্ভস্থ পানির চাহিদা বেড়ে যাওয়ায় টান পড়েছে ভূগর্ভস্থ উৎসে। নদীর পানির চাপ না থাকায় সাগরের নোনাপানি দক্ষিণাঞ্চলে ঢুকে পড়ে ওই অঞ্চলের মৎস্য চাষ, ফসল আবাদ ও জীববৈচিত্র্য হুমকির মুখে ফেলছে।
তিস্তা নদীর ভাঙনরোধে যত দ্রুত সম্ভব প্রকল্পের কাজ শুরু করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। মহাপরিকল্পনায় তিস্তা নদীর ডান-বাম উভয় তীর ঘেঁষে ২২০ কিলোমিটার উঁচু গাইড বাঁধ, রিভার ড্রাইভ, হোটেল-মোটেল-রেস্তোরাঁ, পর্যটন কেন্দ্র, ১৫০ মেগাওয়াট সৌর বিদ্যুতকেন্দ্র, শিল্প-কারখানা, ইপিজেড, ইকোনমিক জোন, কয়েক লাখ হেক্টর কৃষি জমি উদ্ধার, বনায়ন ইত্যাদি রয়েছে। এতে পাল্টে যাবে তিস্তাপাড়ের লাখো মানুষের জীবনমান। অর্থায়নের উৎস যেখান থেকে আসুক না কেন, রংপুর অঞ্চলের মানুষের জন্য এটি একটি অপরিহার্য মহাপরিকল্পনা। জনস্বার্থে এ প্রকল্পের বাস্তবায়ন জরুরি।
পানি উন্নয়ন বোর্ডের একটি সূত্র জানান, তিস্তা রিভার কমপ্রিহেনসিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রকল্প বাস্তবায়নে কার্যক্রম শুরু করা হয় প্রথমে প্রকল্পের ফিজিবিলিটি স্ট্যাডি দিয়ে। গত ২০১৬ সাল থেকে ২০১৯ সাল এবং ২০২০ সাল থেকে ২০২২ সাল এবং চলতি বছরের গত ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চীন সরকারের সাথে ফিজিবিলিটি স্ট্যাডি চুক্তি ছিলো তা যথাযথভাবে কাজ করেছে চীন। তবে এ চুক্তি আগামী ২০২৬ সাল পর্যন্ত বাড়াতে পানি উন্নয়ন বোর্ড থেকে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে প্রস্তাব করা হয়েছে।
আয়োজকরা জানিয়েছেন মতবিনিময় সভায় অংশীজনদের বক্তব্যের ভিডিও রেকর্ড ছাড়াও পরামর্শ পানি সম্পদ উপদেষ্টার কাছে উপস্থাপন করা হবে। তারপরই এই প্রকল্প বাস্তবায়নের একটি চূড়ান্ত রূপরেখা তৈরি করা হবে। এর আগে, গত ৯ ফেব্রুয়ারি পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রংপুরের কাউনিয়ার তিস্তায় গণ শুনানিতে অংশ নিয়ে তিস্তা অববাহিকার ৫ জেলার মানুষের সাথে মত বিনিময় করার ঘোষণা দিয়েছিলেন। এরই অংশ হিসেবে রবিবার গাইবান্ধায় এবং সোমবার রংপুরে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। আগামী তিনদিন লালমনিরহাট কুড়িগ্রাম ও নীলফামারীতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।