


প্রাইমারি শিক্ষকদের আন্দোলন, সচিবালয়ে আন্দোলন, রাজনৈতিক আন্দোলন, দ্রুত নির্বাচন আয়োজনের দাবি, এই আন্দোলন সেই আন্দোলন— গত কয়েক দিনে বাংলাদেশের চিত্র এটি। আর এমন নানামুখী আন্দোলনে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার চাপে পড়েছে বলে সোমবার (২৬ মে) এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
কিন্তু ইউনূস প্রশাসন সরকারি কর্মচারি, শিক্ষক, রাজনৈতিক দল এবং সেনাবাহিনীর চাপে পড়েছে; যখন অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনের আগে দেশকে একটি ভঙ্গুর পরিবর্তনের মধ্যে পরিচালিত করার চেষ্টা করছে।
রয়টার্সের প্রতিবেদনে দাবি করা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডকে দুই ভাগে ভাগ করার জেরে সংস্থাটির কর্মচারিদের আন্দোলনের মুখে গত রোববার অন্তর্বর্তী সরকার এটি প্রত্যাহার করে নেয়। এরপর তারা আন্দোলন স্থগিত করেন।
রয়টার্স জানিয়েছে, সংস্কার ও দ্রুত নির্বাচন আয়োজনের দাবির মধ্যে আটকা পড়েছে অন্তর্বর্তী সরকার। তারা উল্লেখ করেছে, যেখানে প্রধান উপদেষ্টা ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন আয়োজনের কথা বলছেন; সেখানে বিএনপি নেতা তারেক রহমান ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজনে চাপ দিচ্ছেন।
এছাড়া গত সপ্তাহে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের তাগাদা দিয়ে অন্তর্বর্তী সরকারের ওপর চাপ আরও বৃদ্ধি করেছেন বলে দাবি করেছে রয়টার্স। তারা বলেছে, সেনাপ্রধান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের অসন্তোষের কথা প্রকাশ করেছেন।
এরপর গত শনিবার উপদেষ্টা পরিষদের বৈঠক এবং বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনার বিষয়টিও রয়টার্সের প্রতিবেদনে ওঠে এসেছে।