


কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিবাহের ৩ সপ্তাহের মাথায় বিজলী খাতুন (২৮) নামের এক নব বধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৫ মে ) বিকেলের দিকে উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার কলেজ পাড়ার ভাড়া বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ বৃহস্পতিবার রাত আটটায় এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২১ দিন আগে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার বেলাল হোসেনের মেয়ে বিজলী বেগমের সাথে ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ তিলাই গ্রামের রুবেল হোসেনের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। রুবেল হোসেন তার পূর্বের বিয়ের বিষয়টি গোপন রেখে উপজেলা সদরে বাসা ভাড়া নিয়ে দ্বিতীয় বউ বিজলীকে নিয়ে বসবাস শুরু করে। কিন্তু বিয়ের বিষয়টি প্রকাশ হলে এতে বাঁধসাধে রুবেলের প্রথম স্ত্রী। এতে ওই নববধূর সাথে রুবেলের পারিবারিক কলহ শুরু হয়। এক পর্যায় বৃহস্পতিবার সকাল থেকে দুপুরের মধ্যে কোন এক সময়ে ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে বিজলী আত্মহত্যা করে। পরে খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় বিজলীর স্বামী রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত ওই নববধূর অভিভাবকদের খবর দেওয়া হয়েছে এবং স্বামী রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিষয়টির তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্হা নেয়া হবে।