1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পাটগ্রাম থানায় হামলা-ভাঙচুর: তিন দিনে গ্রেপ্তার ১৪ জন | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

পাটগ্রাম থানায় হামলা-ভাঙচুর: তিন দিনে গ্রেপ্তার ১৪ জন

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৭৫ জন দেখেছেন
পাটগ্রাম থানায় হামলা ও ভাঙচুর এবং হাতীবান্ধা থানা অবরুদ্ধ করে সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় তিন দিনে বিশেষ অভিযানে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন হাতীবান্ধা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরনবী কাজল।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাত থেকে শনিবার রাত পর্যন্ত পাটগ্রাম ও হাতীবান্ধা থানায় পৃথক অভিযানে এদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এবং হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী।
ঘটনার সূত্রপাত গত বুধবার বিকেলে পাটগ্রামে একটি পাথরবাহী ট্রাক থেকে চাঁদা আদায়ের অভিযোগে দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড দিলে রাতে দুষ্কৃতিকারীরা থানায় হামলা চালায়। তারা ভাঙচুর চালিয়ে কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে ২৭ জনকে শনাক্ত করে নামীয় আসামি করা হয়। পাশাপাশি অজ্ঞাত আরও ৩০০-৪০০ জনের বিরুদ্ধে পাটগ্রাম ও হাতীবান্ধা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
তিনদিনের অভিযানে পাটগ্রামে প্রথম দিন চারজন, দ্বিতীয় দিন তিনজন, হাতীবান্ধায় দুইজন এবং শনিবার রাতে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ওসি মিজানুর রহমান বলেন, “দুষ্কৃতিকারীরা যে দলেরই হোক, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তার করা হচ্ছে।”
অন্যদিকে হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী জানান, “পাটগ্রাম থানা অবরুদ্ধ হওয়ার পর সেখানে উদ্ধার অভিযানে গেলে আমাদেরও অবরুদ্ধ করে রাখা হয়। এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করা হয়েছে।”
ঘটনার পর পাটগ্রাম এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে, ঘটনাটির সাথে বিএনপির সংশ্লিষ্টতা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর শুক্রবার দুপুরে পাটগ্রাম উপজেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।
তিনি বলেন, “বিএনপি একটি গণতান্ত্রিক দল। যদি কেউ জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।” তিনি জানান, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং মামলায় আসামি হওয়ায় পাটগ্রাম উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর মুস্তাজির চপল ও যুবদল সদস্য মাহমুদ হাসানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )