1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বাংলাদেশে নারী মৃত্যু নিবন্ধনের সর্বনিম্ন হার দিনাজপুর ও পঞ্চগড়ে | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

বাংলাদেশে নারী মৃত্যু নিবন্ধনের সর্বনিম্ন হার দিনাজপুর ও পঞ্চগড়ে

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৬৬ জন দেখেছেন

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ (ব্র্যাক জেপিজেএসপিএইচ), জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথ-এর জেন্ডার ইকুইটি ইউনিট এবং ভাইটাল স্ট্র্যাটেজিস-এর সহযোগিতায় বাংলাদেশে ‘নারী মৃত্যু নিবন্ধন সম্পর্কিত গবেষণার তথ্য ও ফলাফল প্রকাশ‘ শীর্ষক এক অনুষ্ঠান গতকাল মঙ্গলবার রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম। রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. ওয়াজেদ আলী, স্থানীয় সরকার বিভাগীয় পরিচালক মো. আবু জাফর ও বিভাগীয় পরিবার পরিকল্পনা পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল।

ব্লুমবার্গ ফিলানথ্রপিস-এর সহায়তায় নারী মৃত্যু নিবন্ধন সম্পর্কিত এ গবেষণা রংপুর বিভাগের পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার চারটি উপজেলায় পরিচালনা করা হয়। ব্র্যাক জেপিজেএসপিএইচ-এর নেতৃত্বে গবেষণা কার্যক্রম বাস্তবায়িত হয়।

প্রকাশিত গবেষণা প্রতিবেদনে নারীর মৃত্যু নিবন্ধনের নিম্নহার ও তার পেছনের সামাজিক, প্রাতিষ্ঠানিক ও নীতিগত প্রতিবন্ধকতাগুলো তুলে ধরা হয়। পাশাপাশি, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক সমাধানের পথও প্রস্তাব করা হয়। এসময় বাংলাদেশে নারী মৃত্যু নিবন্ধনের সর্বনিম্ন হার রংপুর বিভাগের দিনাজপুরে ২২ এবং পঞ্চগড়ে ৪ শতাংশ বলে উল্লেখ্য করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম নারী মৃত্যু নিবন্ধনের মতো একটি সময়োপযোগী, সামাজিক ও গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণা পরিচালনার জন্য তিনি গবেষক দলকে ধন্যবাদ জানান। এসময়  ভবিষ্যতে এমন প্রাসঙ্গিক ও বাস্তবভিত্তিক বিষয়ে আরও গবেষণা পরিচালনার জন্য তিনি সংশ্লিষ্টদের আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তৃতায় বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. ওয়াজেদ আলী বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধনকরণ প্রক্রিয়ায় স্থানীয় পর্যায়ে জবাবদিহিতা ও স্বচ্ছতার অভাব রয়েছে, যা আরও জোরদার করার প্রয়োজন রয়েছে।

স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো. আবু জাফর বলেন, ২০৩০ সালের মধ্যে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করার জাতীয় লক্ষ্যমাত্রা অর্জনে এই গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রাতিষ্ঠানিক প্রস্তুতি, নীতিগত নির্দেশনা এবং মাঠপর্যায়ের বাস্তবতা বোঝার ক্ষেত্রে এটি সহায়ক হবে। এসময় লক্ষ্যমাত্রা পূরণে শুধু নীতিগত পদক্ষেপই নয়, জনসচেতনতা বৃদ্ধির জন্য ব্যাপক জনগণমুখী যোগাযোগ ও প্রচারণা কার্যক্রম পরিচালনা করাও জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

বিভাগীয় পরিবার পরিকল্পনা পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল বলেন, আমাদের সামাজিক এবং সাংস্কৃতিক পরিসরে যেমন শিশু জন্মদানে নারী অবহেলিত, সেক্ষেত্রে মৃত্যু নিবন্ধনে নারীরা যে অবহেলিত হবে সেটাই স্বাভাবিক। এক্ষেত্রে তিনি স্থানীয় সরকার এবং স্বাস্থ্য বিভাগের মধ্যে আরও কার্যকর মেলবন্ধনের ওপর গুরুত্বারোপ করেন।

মৃত্যুর পরপরই নিবন্ধন প্রক্রিয়া শুরু করার ওপর গুরুত্বারোপ করেন অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। তিনি বলেন, নিবন্ধন প্রক্রিয়াকে কার্যকর করতে হলে স্থানীয় ইমাম, কবরস্থান ব্যবস্থাপনায় যুক্ত ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট কমিউনিটি সদস্যদের সম্পৃক্ত করে সমন্বিতভাবে এগিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে।

অনুষ্ঠানে পঞ্চগড় ও দিনাজপুরের জেলা প্রশাসনের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং গবেষক দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

উন্মুক্ত আলোচনা পর্বে নারীর মৃত্যু নিবন্ধনে অন্তত পাঁচটি প্রধান বাধা তুলে ধরে বলা হয়, নিবন্ধন বিষয়ে মানুষের সচেতনতা ও ধারণা কম। নারীর জমি ও সম্পদ না থাকায় পরিবারের সদস্যরা মৃত্যুনিবন্ধনের প্রয়োজন বোধ করেন না। অনেক ক্ষেত্রে প্রতিক্রিয়াশীল বা বিলম্বিত নিবন্ধন ঘটে — যখন আইনি বা আর্থিক প্রয়োজন দেখা দেয়। প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে, বিশেষ করে গ্রামাঞ্চলে, অনেক নারী নিবন্ধনের বাইরে থাকেন। সরকারি দপ্তরগুলোর দক্ষতার ঘাটতি ও সমন্বয়হীনতাও নিবন্ধনকে বাধাগ্রস্ত করে।

গবেষণা দলের সদস্যরা বলেন, ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি এবং নিবন্ধন প্রক্রিয়া সহজ ও ব্যবহার বান্ধব করা হবে নারীর মৃত্যু নিবন্ধনের হার বাড়ানোর প্রধান কৌশল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )