


বাংলাদেশ থেকে ইলিশ আসছে শুনে খুশি হয়েছিলেন কলকাতার মানুষ। তবে দাম বেশি হওয়ায় আগ্রহ হারাচ্ছেন তারা। ক্রেতা কম হওয়ায় এখন বাংলাদেশ থেকে আর ইলিশ আমদানি করা হবে কি না সে চিন্তাও করছেন ভারতীয় আমদানিকারকরা।
কলকাতার মাছ আমদানি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আনোয়ার মাসুদ টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, “বাংলাদেশি ইলিশের দাম কমবে বলে মনে হয় না। বর্তমানে যে দাম এতে খুব কম মানুষ এ ইলিশ কিনবে।“
আগামী সোমবার পর্যন্ত বাজার পর্যবেক্ষণ করে আর বাংলাদেশি ইলিশ আমদানি করা হবে কি না সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আনোয়ার মাসুদ।
গত মঙ্গলবার পেট্রাপোল বন্দর দিয়ে ৫০ টন বাংলাদেশি ইলিশ ভারতে যায়। এরপর থেকে শুক্রবার পর্যন্ত আর মাত্র ২০ টন ইলিশ ঢুকেছে।
অমর দাস নামে এক মাছ ব্যবসায়ী বলেছেন, “ডায়মন্ড হারবার থেকে যদি আমি ভালো সাইজের মাছ পাই তাহলে আমি ১০০ কেজির স্টক কিনতে পারি। কিন্তু এবার আমি মাত্র ২০ কেজি বাংলাদেশি ইলিশ নিয়েছি। যখন ক্রেতারা আগ্রহ দেখাচ্ছেন না তখন এই ইলিশ মজুত করে তো কোনো লাভ নেই।” মানিকতলার রাজু দাস বলেছেন, “বাংলাদেশি মাছের গঠন যদিও ভালো। কিন্তু এগুলো আকারে ছোট এবং দাম অনেক বেশি। যদি বড় মাছের ক্ষেত্রে এমন দাম হতো তাহলে ঠিক ছিল। ডায়মন্ড হারবারের মাছ যদি থাকে বাংলাদেশি মাছের কোনো ক্রেতাই থাকবে না।”
তবে তা সত্ত্বেও কলকাতার অনেক মানুষের বাংলাদেশের ইলিশের প্রতি আলাদা টান আছে। তাদের একজন আয়ুস্মান মুখার্জি। তিনি মাছ বিক্রেতাকে আগে থেকেই বলে রেখেছিলেন তাকে যেন বাংলাদেশি মাছ দেওয়া হয়। গতকাল শুক্রবার ২ হাজার ৫০ রুপি দিয়ে একটি ইলিশ কিনেছেন তিনি।