ইউএফপিও ভূরুঙ্গামারী ডা. ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন মোজাম্মেল হক (ডিডিএফপি) কুড়িগ্রাম। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, প্রজেক্ট অফিসার (ল্যাম্ব) বাদল এককা, ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর ইউএনপিএফএ আসাদুজ্জামান, ডিস্ট্রিক্ট ফ্যাসিলেটর মনজু আরা বেগম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মোজাম্মেল হক বলেন, “বউ-শাশুড়ির সম্পর্ককে আরও ঘনিষ্ঠ ও সহযোগিতামূলক করার পাশাপাশি নারীদের স্বাস্থ্যসচেতন করে তোলাই এ মেলার মূল উদ্দেশ্য। পরিবার পরিকল্পনা ও মাতৃস্বাস্থ্য বিষয়ে সচেতনতা গড়ে উঠলে পরিবার ও সমাজ উভয়ই উপকৃত হবে।”
অংশগ্রহণকারী বউ লুৎফা বেগম ও শাশুড়ি রহিমা খাতুন বলেন, আগে আমরা লজ্জা ও সংকোচের কারণে গর্ভকালীন ও স্বাস্থ্য বিষয়ক আলোচনা শাশুড়ির সঙ্গে করতামনা। এ মেলার মাধ্যমে আমরা মা ও শিশুর সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারলাম। এ ধরনের মেলা শুধু পারিবারিক সম্পর্কের দূরত্ব কমায় না, নারীর স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সুস্থ প্রজন্ম গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করছি।
মেলায় পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য, প্রাতিষ্ঠানিক ডেলিভারির গুরুত্ব, কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা, প্রসবপূর্ব ও প্রসবোত্তর সেবা, জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধ, ফিস্টুলা ও অন্যান্য স্ত্রীরোগ বিষয়ে পরামর্শ ও সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
এছাড়া স্বাস্থ্যসেবা নিশ্চিতে মেলায় ছিল, পরিবার পরিকল্পনা পরামর্শ কর্নার, ডায়াবেটিস ও রক্ত পরীক্ষা কর্নার, ফিস্টুলা কাউন্সেলিং কর্নার, ভায়া (জরায়ুমুখ ক্যানসার) পরীক্ষা কর্নার, প্রসবপূর্ব ও প্রসবোত্তর সেবা কর্নার ও কিশোরী কর্নার।
দিনব্যাপী এই মেলায় বিভিন্ন বয়সী প্রায় তিন শতাধিক বউ-শাশুড়ি অংশ নেন।