


টানা ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা, বারোমাসিয়া ও নীলকমল নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন ফসল পানিতে নিমজ্জিত। পানি বাড়লেও ধরলা নদীর পানি বিপৎসীমার নিচ প্রবাহিত হচ্ছে। সোমবার বিকালে ধরলা, বারোমাসিয়া ও নীলকমল নদীর দুতীরের অববাহিকায় গিয়ে দেখা গেছে রোপা আমন, শাক-সবজি, বাদামসহ বিভিন্ন ফসল পানির নিচে তলিয়ে গেছে। এছাড়া বিভিন্ন খাল, ডোবা ও নিম্নাঞ্চল তলিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার চিত্র দেখা গেছে।
ধরলা ও বারোমাসিয়া নদী পাড়ের বেশ কয়েকজন কৃষক জানান, অসময়ে ভারী বৃষ্টি ও উজান থেকে আসা পানিতে আমাদের রোপা আমন ক্ষেত তলিয়ে গেছে। যদি বৃষ্টি ও উজানের পানি আসা অব্যাহত থাকে তাহলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. নিলুফা ইয়াছমিন জানান, গত কয়েক দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে এ পর্যন্ত উপজেলায় মোট ২০০ হেক্টর রোপা আমনের ক্ষেত পানির নিচে নিমজ্জিত হয়েছে। অন্য দিকে শাক-সবজি ৫ হেক্টর পানিতে নিমজ্জিত রয়েছে। বর্তমান পরিস্থিতিতে যদি টানা বৃষ্টি ও উজান থেকে আসা পানি বৃদ্ধি অব্যাহত থাকে সে ক্ষেত্রে এ বছর রোপা আমনসহ বিভিন্ন ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়ে পড়বে। এতে করে কৃষকরা চরম ভোগান্তিতে পড়বে বলে জানান এই কর্মকর্তা।