শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড,অবসর প্রাপ্ত সেনা ও মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতি এবং মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নতুন ভবন সংলগ্ন মাঠে এই স্মৃতিচারণ ও মিলনমেলা অনুষ্ঠিত হয়।
ভূরুঙ্গামারী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক আব্দুল মজিদ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী–ভূরুঙ্গামারী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানা।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডের আহ্বায়ক মোঃ নুরুজ্জামান, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, যুগ্ম আহ্বায়ক রইচ উদ্দিন বাদশা, উপজেলা বিএনপির অন্যতম সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ কাজী নিজাম উদ্দিন, ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের রফিকুল হাসান রঞ্জু, ও সজিবুর রহমান সজিব প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধকে অস্বীকার করা মানেই বাংলাদেশের সংবিধান ও রাষ্ট্রের অস্তিত্বকে অস্বীকার করা। স্বাধীনতার ইতিহাসকে বাদ দেওয়ার অপচেষ্টা স্বাধীনতাবিরোধী শক্তির হাতকে শক্তিশালী করে এবং দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেয় বলেও তারা মন্তব্য করেন।
প্রধান অতিথি আলহাজ্ব সাইফুর রহমান রানা তাঁর বক্তব্যে উপস্থিত সকল বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।