1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পোস্টারহীন নির্বাচনে ভোটের আমেজ নেই | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

দিনাজপুর-৫: পোস্টারহীন নির্বাচনে ভোটের আমেজ নেই

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১১৪ জন দেখেছেন

নির্বাচন আসলেই শহর কিংবা পাড়া-মহল্লা ও রাস্তাঘাট পোস্টারে ছেয়ে যেতো। সেই চিরচেনা দৃশ্য এবার আর নেই। প্রার্থীরা এখন প্রচার চালাচ্ছেন মাইকিং, হ্যান্ডবিল বিতরন, ব্যক্তিগত শুভেচ্ছা বিনিময়, উঠান বৈঠক, গণসংযোগ, নির্বাচনী জনসভা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে। দেয়ালে নেই পোস্টার, গাছে ঝোলানো নেই কোনো ব্যানার কিংবা বিদ্যুতের খুঁটিতে নেই রঙিন ফেস্টুন। শহরের অলিগলি বা হাটে-বাজারে রশিতে ঝোলানো নেই কোন পোষ্টার।

নির্বাচনের সময় চিরচেনা এই দৃশ্যগুলোর অনুপস্থিতিতে শহর ও গ্রাম উভয় স্থনেই ফিরেছে এক অভূতপূর্ব পরিচ্ছন্নতা। দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে এবারের নির্বাচনের দৃশ্যপট সম্পূর্ণ আলাদা। পরিবেশের জন্য এটি ইতিবাচক হলেও সাধারণ মানুষের মাঝে ভোটের চিরাচরিত উৎসবের আমেজে অনেকটাই ভাটা পড়েছে।

সাধারণ ভোটারদের একটি বড় অংশ বলছেন, পোস্টার না থাকায় প্রার্থীদের সম্পর্কে জানার সুযোগ কমে গেছে। বিশেষ করে গ্রামাঞ্চলের প্রবীণ ও নিম্ন আয়ের ভোটাররা, যারা ডিজিটাল প্রচারণার বাইরে, তারা কিছুটা বিভ্রান্তিতে পড়েছেন। নির্বাচন কমিশনের (ইসি) কঠোর নির্দেশনায় এবার পোস্টার ও অপচনশীল প্রচার সামগ্রী পুরোপুরি নিষিদ্ধ। ফলে নির্বাচনী এলাকার পার্বতীপুর ও ফুলবাড়ী সর্বত্র দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। পার্বতীপুর উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা ও ফুলবাড়ী ৭টি ইউনিয়ন একটি পৌরসভাসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পার্বতীপুর শহরের ১নম্বর ওয়ার্ডের গুলপাড়া মহল্লা আবু কালাম বলেন, আমার ভালো বা স্মার্টফোন নেই। পোস্টার দেখে আগে প্রার্থী চিনতাম, এবার তো কে দাঁড়িয়েছে সেটাই ঠিকমতো জানি না।

অনলাইনের প্রচার বয়স্ক মানুষের কাছে পৌঁছাচ্ছে না। উপজেলার হরিরামপুর ইউনিয়নের মৌলভীডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর আলম বলেন, পোস্টার নেই, মাঝেমধ্যে মাইকিং শুনি, সেটা কোন প্রার্থী চিনি না। পোষ্টার হলে প্রার্থী চিনতে সুবিধা হয়। ব্যবসায়ী মোস্তাফিজুর রহমানের মতে, পোস্টারে পরিবেশ নষ্ট হয়। শুধু টাকার অপচয় হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক সরব সিরাজুল ইসলাম ইমু বলেন, দীর্ঘ সময় ধরে প্রচারণার নামে গাছ ও দেয়াল দখলের যে সংস্কৃতি ছিল, তা বন্ধ হওয়া ভবিষ্যতের জন্য ভালো উদাহরণ।

নির্বাচনের পর কাগজ ও প্লাস্টিক বর্জ্য যেখানে সেখানে পরে থাকতো। এবার তা হচ্ছে না। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ২১ জানুয়ারি শুরু হওয়া এই প্রচারণা চলবে ১০ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত। ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে সব ধরনের প্রচার বন্ধ করতে হবে। এই সময়ের মধ্যে পোস্টার, ব্যানার, প্লাস্টিক বা পলিথিন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পোস্টারহীন নির্বাচন ভোটের মাঠের চিরচেনা রঙিন উৎসবের আমেজ কিছুটা ফিকে হয়ে গেছে বলে মনে করছেন এলাকার জনগন।

পার্বতীপুর-ফুলবাড়ী (দিনাজপুর)-৫ আসনে ৭জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান- এর ব্যক্তিগত আইন বিষয়ক উপদেষ্ঠা ও বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান, এনসিপির প্রার্থী ডা: আব্দুল আহাদ, স্বতন্ত্র প্রার্থী এ,জেড,এম রেজওয়ানুল হক, স্বতন্ত্র প্রার্থী এস এম জাকারিয়া বাচ্চু, হয়রত আলী বেলাল, রুস্তম আলী এবং জাতীয় পার্টির প্রার্থী কাজী আব্দুল গফুর। পার্বতীপুর-ফুলবাড়ী এই দুই উপজেলা নিয়ে দিনাজপুর-৫ আসন। সংসদীয় আসনে প্রথমবারের মতো নতুন ২৭ হাজার ৩৮১ জন ভোটাধিকার প্রয়োগ করবেন।

এরমধ্যে তরুন ভোটার ২৪ হাজার ৭৯০ জন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ আসনে ভোটার ছিলেন ৪ লাখ ৫০ হাজার ১৩৫ জন। হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী বর্তমানে ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৭৭ হাজার ৫১৬ জন। এই আসনে বর্তমানে নারী ভোটার ২ লাখ ৩৮ হাজার ৯৩০ জন, পুরুষ ভোটার ২ লাখ ৩৮ হাজার ৫৮৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার মাত্র তিনজন।

এর মধ্যে রয়েছে পার্বতীপুরে ২ ও ফুলবাড়ীতে ১ জন হিজড়া। গত নির্বাচনেও তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন ছিল। নির্বাচনে নতুন করে যুক্ত হওয়া ভোটারদের মধ্যে নারী ভোটার ১৩ হাজার ৯২৭ জন এবং পুরুষ ভোটার ১৩ হাজার ৪৫৪ জন। নতুন ভোটার ২৭ হাজার ৩৮১ জন। ফলে, নতুন তালিকায় পুরুষের তুলনায় নারী ভোটার সংখ্যা বেশি। পার্বতীপুর উপজেলা নির্বাচন অফিসার শুভ কুমার সরকার বলেন, এ উপজেলায় একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নে ভোটার বেড়েছে ১৮ হাজার ৯৬৮। হালনাগাদ তালিকায় বেড়ে দাঁড়িয়েছে ভোটার ৩ লাখ ১৯ হাজার ৬২।

এখানে ভোট কেন্দ্রের সংখ্যা ৮৯টি। এই আসনের ফুলবাড়ী উপজেলায় ১ পৌরসভা ও ৭টি ইউনিয়নে আগের নির্বাচনে ভোটার ছিলেন ১ লাখ ৫০ হাজার ৪১ জন। এবার ১ লাখ ৫৮ হাজার ৪৫৪ জন। ভোটার বেড়েছে ৮ হাজার ৪১৩ জন। এখানে ভোট কেন্দ্র রয়েছে ৫২টি। এই আসনে সবমিলে কেন্দ্র ১৪১।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )