1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঘোড়াঘাটে কৃষকলীগের সভাপতি গ্রেফতার | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

ঘোড়াঘাটে কৃষকলীগের সভাপতি গ্রেফতার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৩৬ জন দেখেছেন

দিনাজপুরের ঘোড়াঘাটে নাশকতার পরিকল্পনার অভিযোগে করা মামলায় শহীদুল ইসলাম আকাশ (৫৬) নামের কৃষকলীগের এক নেতাকে গ্রেফতার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।

রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার দক্ষিণ দেবীপুর গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শহীদুল ইসলাম আকাশ উপজেলার সিংড়া ইউনিয়নের দক্ষিণ দেবীপুর গ্রামের বাসিন্দা। তিনি ঘোড়াঘাট উপজেলা কৃষকলীগের সভাপতি। সংগঠনটির কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কার্যক্রম স্থগিত থাকা আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, জননিরাপত্তা বিঘ্নিত করা ও জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করছিলেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় পুলিশ অভিযান চালালে দুজনকে আটক করা হয়। অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া ধারালো অস্ত্র, হাসুয়া, লাঠি, মোটা লোহার রডসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের কথা এজাহারে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ১৫ নভেম্বর রাতে ঘোড়াঘাট পৌরসভার নিতাইশাহ মোড় এলাকায় কারিগরি কলেজের সামনে শহীদ-ফরিদের চালকলের চাতালে নাশকতার পরিকল্পনার অভিযোগে মামলা করে পুলিশ। ওই মামলায় ৩৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, ১৫ নভেম্বরের ঘটনায় করা মামলাটি তদন্ত করতে গিয়ে শহীদুল ইসলাম আকাশের সংশ্লিষ্টতা পাওয়া যায়। পরে রোববার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।ওসি আরও বলেন, গ্রেফতারকৃত ব্যক্তিকে সোমবার দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )