
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী বালারহাট এলাকা থেকে ২ ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) শেষ বিকালে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি বালারহাট এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই ভারতীয় যুবক ও এক বাংলাদেশি যুবককে ইয়াবাসহ হাতেনাতে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। এ সময় তাদের প্রত্যেকের শরীর তল্লাশি করলে পুলিশ বাংলাদেশি যুবকদের কাছে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে আটক যুবকদের ফুলবাড়ী থানায় নিয়ে আসা হয়।
শুক্রবার সন্ধ্যা ৭ টায় বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম। আটকৃত দুই ভারতীয় নাগরিক হলেন আখিরুল খন্দকার (২২)৷ তিনি ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার নট্টবাড়ী এলাকার সাঈদ খন্দকারের ছেলে, একই জেলার ফারুক মিয়া (২২)। তিনি সাহেবগঞ্জ থানার কিশামত করলা এলাকার জমির আলীর ছেলে। অপর বাংলাদেশি যুবক আয়নাল হক (২৬) এর বাড়ি ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্তঘেষা খলিশাকোঠাল এলাকায়। তিনি ওই এলাকার মনসের আলীর ছেলে।
ফুলবাড়ী থানা সুত্রে জানা গেছে, আটক দুই ভারতীয় নাগরিক বিজিবির কাছে হস্তান্তর করা হবে এবং অপর এক বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলমান রয়েছে।
এ প্রসঙ্গে লালমনিরহাট -১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, আটক দুই ভারতীয় নাগরিককে আটকের বিষয়টি বিএসএফকে জানানো হয়েছে। রাতের মধ্যেই তাদেরকে বিএসএফের কাছে হস্তান্তর করা হবে।
Related