


ইরানে চলমান সংঘাতের কারণে জাহাজের পণ্য পরিবহন খরচ আকাশচুম্বী হয়ে উঠছে, যার চূড়ান্ত প্রভাব পড়বে সাধারণ ভোক্তাদের ওপর। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিপিং কোম্পানি ‘মার্স্ক’-এর প্রধান নির্বাহী ভিনসেন্ট ক্লার্ক বিবিসিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এই সতর্কবার্তা দিয়েছেন।
মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক রুটগুলো সচল করতে তিনি যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে একটি ‘সমঝোতায়’ আসার আহ্বান জানান। ভিনসেন্ট ক্লার্কের মতে, এই যুদ্ধের ফলে বর্তমানে দুটি গুরুত্বপূর্ণ নৌপথ প্রায় অচল হয়ে পড়েছে।
ক্লার্ক বলেন, আমাদের প্রধান দুশ্চিন্তা হলো কর্মীদের নিরাপত্তা এবং আমাদের জাহাজের সুরক্ষা। যতক্ষণ ড্রোন হামলার ঝুঁকি থাকবে এবং দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতির কোনো নিশ্চয়তা পাওয়া যাবে না, ততক্ষণ আমাদের সহকর্মী ও জাহাজগুলোকে এমন বিপদের মুখে ঠেলে দেওয়া আমাদের পক্ষে কঠিন।
এদিকে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী জাহাজ ধ্বংস করার দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। অভিযান পরিচালনার একটি ভিডিও-ও শেয়ার করেছে সেন্টকম। সেখানে দেখা যাচ্ছে, সাগরে থাকা জাহাজগুলোতে একের পর এক শক্তিশালী হামলা চালানো হচ্ছে।
সূত্র : বিবিসি।