


কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাড়ি থেকে বের হয়ে ভ্যান গাড়ির সাথে ধাক্কা খেয়ে আয়শা খাতুন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) সন্ধ্যায় উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামে এই দূর্ঘটনা ঘটে। মৃত আয়শা ওই গ্রামের আমিনুর রহমানের মেয়ে। তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে দৌড়ে রাস্তায় বের হয়ে আসে আয়শা। এসময় ধামেরহাট বাজার থেকে উপজেলাগামী মাল বোঝাই একটি ভ্যান গাড়ির সাথে ধাক্কা লাগে। এতে ছিটকে রাস্তায় পড়ে যায় আয়শা। পরিবারের লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভূরুঙ্গামারী হাসপাতালে নিয়ে আসে।
অবস্থার অবনতি হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রংপুর মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, সড়ক দূর্ঘটনায় আহত শিশুটিকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে আয়েশাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আজিম উদ্দিন বলেন, স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে ঘটনাটি তিনি শুনেছেন। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।