


কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোবাইল ব্যাংকিংয়ের আড়াঁলে অনলাইন জুয়ার এজেন্ট হিসাবে কাজ করার অভিযোগে ক্যাসিনো সম্রাট হিসেবে পরিচিত আলাল হোসেন নামের এক অনলাইন জুয়ার এজেন্টকে আটক করেছে পুলিশ। আলাল হোসেন উপজেলার তিলাই ইউনিয়নের জনৈক জহুর উদ্দিনের পুত্র। শনিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা বাজার থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, আলাল উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা বাজারে একটি ছোট দোকান পরিচালনার পাশাপাশি তিনি অনলাইন জুয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে অর্থ লেনদেন ও রিচার্জের কাজ করতেন বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন নজরদারির পর ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ওই বাজারে অভিযান চালিয়ে আলালকে আটক করে। এসময় তার নিকট থেকে অনলাইন জুয়া পরিচালনার কাজে ব্যবহৃত ০৪ টি স্মার্ট ফোন, বেশকিছু মোবাইল সিম, অনলাইন জুয়ায় রিচার্জের কাজে ব্যবহৃত নগদ ১,৪০,০০০/- (এক লক্ষ চল্লিশ হাজার) টাকা জব্দ করা হয়। তার বিরুদ্ধে “জুয়া আইন-২০২৬” এর অনলাইন জুয়া খেলা সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলমান বলে জানিয়েছে পুলিশ।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ. আজিম উদ্দিন বলেন, “জুয়া, মাদক ও অপরাধচক্রের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বহাল রয়েছে। আইনের ঊর্ধ্বে কেউ নয়। অবৈধ অনলাইন জুয়া, অর্থপাচার বা অন্য কোনো অপরাধে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
ভূরুংগামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, ১৬৬ বছর পর ব্রিটিশ আমলে প্রণীত জুয়া আইন সংস্কার হয়ে নতুন জুয়া আইন-২০২৬ জারি হয়েছে। এই আইনের মাধ্যমে বাংলাদেশ সরকার অনলাইন জুয়ার বা ক্যাসিনোর বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। আমরা ভূরুংগামারী উপজেলাকে মাদক, চোরাকারবার ও জুয়া মুক্ত রাখতে বদ্ধপরিকর। মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।