


কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির কিছু নগদ টাকাসহ মর্জিনা আক্তার ওরফে গেন্দিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার নিকট থেকে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১৬ হাজার ২৯০ টাকা উদ্ধার করা হয়।
মর্জিনা আক্তার ওরফে গেন্দি উপজেলার বানুরকুটি এলাকার সাবেক ইউপি সদস্য আতোয়ার হোসেন মোল্লার মেয়ে। শুক্রবার(১৭ জুলাই) বিকেলে উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়,মর্জিনা দীর্ঘদিন ধরে সোনাহাট স্থলবন্দর এলাকায় একটি পোল্ট্রি মুরগির দোকানের আঁড়ালে মাদক ব্যবসা ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড পরিচালনা করতেন। অভিযোগ রয়েছে, ওই নারী দেশের বিভিন্ন স্থান থেকে পণ্য পরিবহনের কাজে আসা ট্রাকচালক ও পরিবহন শ্রমিকদের কাছে নিয়মিত ইয়াবা ও গাঁজা বিক্রি করতেন । অতীতে একাধিকবার তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হলেও কৌশলে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে যান।
শুক্রবার (১৭ জুলাই) স্থানীয় সচেতন জনগণের সহায়তায় পরিচালিত এক অভিযানে পুলিশ তাকে আটক করে। পরে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের উপস্থিতিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সামনে তার কাছ থেকে ১০৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৬ হাজার ২৯০ টাকা জব্দ করা হয়। জব্দকূত মালামালের আনুমানিক মূল্য ৫৬ হাজার ২৯০ টাকা।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।”