1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
মুক্তির আগেই বক্স অফিস কাঁপাচ্ছে বিজয়ের শেষ সিনেমা | দৈনিক সকালের বাণী
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

মুক্তির আগেই বক্স অফিস কাঁপাচ্ছে বিজয়ের শেষ সিনেমা

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৩১ জন দেখেছেন

থালাপতি বিজয়ের অভিনয়জীবনের শেষ সিনেমা ‘জন নয়গন’ মুক্তি পেতে এখনো কয়েক দিন বাকি। তবে এরই মধ্যে বক্স অফিসে ঝড় তুলেছে সিনেমাটি। দীর্ঘ সাত মাসের অপেক্ষা ও সেন্সর-সংক্রান্ত জটিলতা কাটিয়ে আগামী ২৩ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে সিনেমাটি। মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে যে সাড়া মিলেছে, তা দেখে নতুন রেকর্ডের আভাস দিচ্ছেন বক্স অফিস বিশ্লেষকরা।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটিই বিজয়ের শেষ অভিনীত সিনেমা। তাই ভক্তদের কাছে সিনেমাটির গুরুত্ব অন্য মাত্রা পেয়েছে। ভারতের বিভিন্ন শহরে অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ার পর কয়েক মিনিটের মধ্যেই হাজার হাজার টিকিট বিক্রি হয়ে যায়। এমনকি বেঙ্গালুরুর কিছু মাল্টিপ্লেক্সে ২ হাজার ৫০০ রুপি মূল্যের প্রিমিয়াম টিকিটও মুহূর্তেই শেষ হয়ে গেছে।

এইচ বিনোথ পরিচালিত এবং কেভিএন প্রোডাকশনস প্রযোজিত ‘জন নয়গন’ প্রথমে চলতি বছরের জানুয়ারিতে মুক্তির কথা ছিল। তবে সেন্সর বোর্ডের আইনি জটিলতায় নির্ধারিত সময়ে মুক্তি পায়নি সিনেমাটি। সব প্রক্রিয়া শেষে ভারতীয় সেন্সর বোর্ড সিনেমাটিকে ‘এ’ সনদ দিয়েছে এবং অবশেষে ২৩ জুলাই মুক্তির দিন চূড়ান্ত হয়েছে।

বেঙ্গালুরু, হায়দরাবাদ, মুম্বই, দিল্লি, কেরালাসহ ভারতের বিভিন্ন অঞ্চলে সীমিত পরিসরে অগ্রিম বুকিং শুরু হয়েছে। শুরু থেকেই দর্শকদের ব্যাপক আগ্রহ দেখা গেছে। বিশেষ করে বেঙ্গালুরুতে ছবিটির চাহিদা সবচেয়ে বেশি। সেখানে অধিকাংশ প্রেক্ষাগৃহে টিকিটের দাম এক হাজার টাকার ওপরে। বিলাসবহুল রিক্লাইনার আসনের টিকিটের মূল্য পৌঁছেছে ২ হাজার ৫০০ টাকায়। দাম এত বেশি হলেও ভোরের শোগুলোর অধিকাংশ আসন এরই মধ্যে বিক্রি হয়ে গেছে।

অন্যদিকে তামিলনাড়ুতে সরকারি নীতিমালার কারণে টিকিটের মূল্য নির্ধারিত সীমার মধ্যে রাখা হয়েছে। সেখানে সর্বোচ্চ টিকিটের দাম ১৯০ রুপি এবং সর্বনিম্ন ৫৪ রুপি। চেন্নাইয়ের জনপ্রিয় কমলা সিনেমাস জানিয়েছে, বুকিং চালুর মাত্র কয়েক মিনিটের মধ্যেই তারা ১০ হাজারের বেশি টিকিট বিক্রি করেছে।

শুধু ভারত নয়, বিদেশেও সিনেমাটি ঘিরে উন্মাদনা তুঙ্গে। যুক্তরাজ্যে মুক্তির ঘোষণার এক ঘণ্টার মধ্যেই হাজার হাজার টিকিট বিক্রি হয়েছে বলে জানিয়েছে পরিবেশনা প্রতিষ্ঠান। নির্মাতাদের পরিকল্পনা, বিশ্বের প্রায় ৮ হাজার পর্দায় একযোগে মুক্তি দেওয়া হবে ‘জন নয়গন’।

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত তেলুগু সুপারহিট সিনেমা ‘ভগবন্ত কেসরি’-র অফিসিয়াল রূপান্তর ‘জন নয়গন’। এতে একজন সাবেক পুলিশ কর্মকর্তা ও গণনেতার চরিত্রে অভিনয় করেছেন বিজয়, যিনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেন। তার সঙ্গে আরও অভিনয় করেছেন ববি দেওল, পূজা হেগড়ে, মামিতা বাইজু, প্রকাশ রাজ ও প্রিয়ামণি।

মুক্তির আগেই টিকিট বিক্রিতে নজির গড়ে ‘জন নয়গন’ এখন বছরের সবচেয়ে আলোচিত সিনেমাগুলোর একটিতে পরিণত হয়েছে। বিজয়ের বিদায়ী সিনেমা বক্স অফিসে ঠিক কতটা ইতিহাস গড়ে, সেটিই এখন দেখার অপেক্ষা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )