


দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটিতে পৈতৃক ও ক্রয়সূত্রে প্রাপ্ত জমি জোরপূর্বক দখল, ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া, হত্যার চেষ্টা এবং ৩০ লাখ টাকা দাবির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন আটগাঁও গ্রামের মৃত জমির উদ্দীনের ছেলে ইউনুস আলী (৪৮)।
শুক্রবার দুপুরে সেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।লিখিত বক্তব্যে ইউনুস আলী অভিযোগ করেন, শাহেদ আলী (হাজী), শহিদুল, আজিজুর হক, আরিফ, হুমায়ুন, মহিদুল ইসলাম, নূর নবী, রহমত আলী, রফিকুল ইসলাম, সজিব, মসলীম, সমারু, রহমান হাজী, রেজাউল ডাক্তার, কাশেম, নুকুল, নজরুল ও রুহুল আমিনের বিরুদ্ধে। তিনি দাবি করেন, বোচাগঞ্জ উপজেলার আটগাঁও মৌজার (জে.এল. নং-৬৩) বিভিন্ন খতিয়ান ও দাগে অবস্থিত তার পৈতৃক, ওয়ারিশসূত্রে প্রাপ্ত এবং ক্রয়সূত্রে অর্জিত জমি দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকলেও বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে অভিযুক্তরা তার জমি দখল করে নেন।
তিনি আরও অভিযোগ করেন, একপর্যায়ে তাকে বাজার থেকে তুলে নিয়ে রেলঘুণ্টি এলাকার ওয়াহিদের চাতালের একটি গুদামে আটকে রাখা হয়। সেখানে তাকে, তার স্ত্রী ও ছেলেকে খুন-জখমের ভয়ভীতি দেখিয়ে রেজিস্ট্রি অফিসের মুহুরী আকরামকে ডেকে এনে ৫ থেকে ৭টি ফাঁকা স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়।
সংবাদ সম্মেলনে ইউনুস আলী বলেন, পরে থানায় অভিযোগ দেওয়ার পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর মাধ্যমে স্ট্যাম্প উদ্ধারের চেষ্টা করা হলে অভিযুক্তরা জমির দখল ছেড়ে দেওয়া ও স্ট্যাম্প ফেরতের বিনিময়ে ৩০ লাখ টাকা দাবি করেন। পরবর্তীতে স্ট্যাম্প ফেরত চাইতে গেলে অভিযুক্তরা একজোট হয়ে তাকে হত্যার চেষ্টা করেন বলেও অভিযোগ করেন তিনি। তিনি জানান, এ ঘটনায় থানার পরামর্শে তিনি বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে সিআর-৩৩৭ নম্বর একটি মামলা দায়ের করেছেন।
অভিযুক্তদের বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে বলেও তিনি দাবি করেন। তিনি তার পৈতৃক সম্পত্তি উদ্ধার, অভিযোগের সুষ্ঠু তদন্ত, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবার নিয়ে স্বাভাবিক জীবনযাপনের স্বার্থে স্থানীয় সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী (পিনাক), উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে সেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।