স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২১ অক্টোবর) দুপুর আনুমানিক ১টার দিকে বাড়ির পাশের করতোয়া নদীতে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে তাঁরা দ্রুত তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর চাচা নূরনবী জানান, বুধবার সকাল থেকেই তানহা বাড়িতে খেলাধুলা করছিল। নদীতে যাওয়ার প্রায় এক ঘণ্টা আগেও তিনি তাকে বাড়িতে দেখেছেন। পরে নদীর পাশ থেকে লোকজনের চিৎকার শুনে দ্রুত সেখানে ছুটে যান। এ সময় নদী থেকে উদ্ধার করা ভাতিজিকে দেখতে পান তিনি। পরে স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
এ মর্মান্তিক ঘটনায় শিশুটির পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। দুই বছরের শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।