তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া পর্যবেক্ষক মোহাম্মদ রোকনুজ্জামান জানান,মঙ্গলবার ভোরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস। দিনে তাপমাত্রা কিছুটা বেশি থাকলেও ভোরের ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় এলাকায় স্পষ্ট হয়ে উঠছে শীতের আগমনী বার্তা। সাম্প্রতিক সময়ে পঞ্চগড় অঞ্চলে মৌসুমি আবহাওয়ার পরিবর্তনের ফলে ভোরে এমন ঘন কুয়াশা দেখা যাচ্ছে।
স্থানীয় বাসিন্দারা খন্দকার ইমরান হোসেন জানান, ভোরে ঘন কুয়াশার কারণে কয়েক গজ দূরের পথও দৃশ্যমান ছিল না। হালকা হিমেল বাতাসের কারণে অনেককেই হালকা গরম কাপড় গায়ে জড়িয়ে ঘর থেকে বের হতে দেখা গেছে। স্থানীয় কৃষকরা জানান, ভোরের কুয়াশা ও আবছা আলোর কারণে মাঠে কাজ শুরু করতে কিছুটা বিলম্ব হচ্ছে।
তবে সকাল বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলো প্রস্ফুটিত হলে ধীরে ধীরে কুয়াশা কেটে স্বাভাবিক পরিবেশ ফিরে আসে। উত্তরের সীমান্তঘেঁষা এ জনপদে সেপ্টেম্বরের শেষে এমন কুয়াশাচ্ছন্ন আবহাওয়া আসন্ন শীত মৌসুমের স্পষ্ট বার্তা দিচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।