বুধবার (৭ অক্টোবর) দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের জিরো পয়েন্টে অবস্থান, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়। পরে নেতাকর্মীরা পদযাত্রা করে বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন। প্রথম দিনে বাংলাবান্ধা থেকে প্রায় ২১ কিলোমিটার পায়ে হেঁটে তেঁতুলিয়ায় পৌঁছানোর কথা রয়েছে।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবেরের নেতৃত্বে প্রায় ৩০ সদস্যের প্রতিনিধি দল পদযাত্রায় অংশ নেয়। সংগঠনটির পরিকল্পনা অনুযায়ী, বাংলাবান্ধা থেকে টেকনাফ পর্যন্ত ৩১ দিনব্যাপী এ পদযাত্রা চলবে। আগামী ২১ অক্টোবর ঢাকার শাহবাগে মহাসমাবেশের ঘোষণাও দিয়েছে সংগঠনটি।
উদ্বোধনী বক্তব্যে আব্দুল্লাহ আল জাবের বলেন, হাদী হত্যার দ্রুত তদন্ত শেষ করে জড়িতদের বিচারের মুখোমুখি করতে হবে। পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, শাপলা চত্বর ও পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।
দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের নেতারা।