ফরম পূরণ করতে না পারার বিষয়টি নিয়ে আলোচনা- সমালোচনার বিষয়টি যখন টক অফ দ্যা গঙ্গাচড়া তখন শিক্ষানুরাগীরা বলছেন, শিক্ষার্থীদের ব্যর্থতার দায় শুধু পরিবার এবং শিক্ষার্থীর একার নয়, জবাব দিহিতায় আনতে হবে পাঠদানের মান,পাঠদান পদ্ধতি, বিষয় ভিত্তিক শিক্ষক ও শিক্ষকদের দায়িত্ব পালনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার অধিকাংশ বিদ্যালয়ে মডেল টেস্টে অকৃতকার্য শিক্ষার্থীদের ফরম পূরণ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট প্রধান শিক্ষকদের কেউ কেউ জানিয়েছেন, অকৃতকার্য শিক্ষার্থীদের ফরম পূরণ করানোর সুযোগ নেই। অন্যদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, শিক্ষার্থীদের অভিযোগ পাওয়ার পর তিনি সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের ফরম পূরণ করানোর জন্য বলেছেন।
পাকুড়িয়া শরীফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামানের কাছে মুঠোফোনে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি ফরম পূরণ করতে দিবো না বলেই তিনি ফোন কলের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
বড়বিল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হোসেন বলেন, আমার প্রতিষ্ঠানে ২৫ জন মডেল টেস্ট পরীক্ষায় ফেল করেছে। যারা ফেল করেছে, তাদের কীভাবে ফরম পূরণ করতে দিই?
একই বিষয়ে বেতগাড়ি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখরুল বারীর সাথে “আমার দেশ” পত্রিকার গঙ্গাচড়া প্রতিনিধির মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আপনি মডেল টেস্ট কাকে বলে জানেন ? শিক্ষা বিষয়ে আপনি কতটুকু অভিজ্ঞ ? মডেল টেস্ট সম্পর্কে আগে নিজে জানুন, তার পর আমার সাথে এবিষয়ে কথা বলবেন। যারা ফেল করে ,আমি কীভাবে তাদের পরীক্ষা দেওয়ার জন্য ফরম ফরম পূরণ করাই? তিনি চড়াও হয়ে আরো বলেন, আপনি সাংবাদিক, আপনি অফিসে আসেন। আপনার সাথে সাক্ষাতে কথা বলি। বোর্ডের দেয়া নির্দেশনা আছে, ওয়েবসাইটে ঢুকে আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাব।
অভিভাবক বাবলু মিয়া বলেন, সারা বছর আমার মেয়ে স্কুলে পড়াশোনা করেছে। মডেল টেস্টে ফলাফল খারাপ করলেই যদি এসএসসি পরীক্ষার ফরম পূরণ করতে দেওয়া না হয়, তাহলে শিক্ষার্থীরা যাবে কোথায়? বিদ্যালয়ের উচিত তাদের দুর্বলতা চিহ্নিত করে পরীক্ষার প্রস্তুতির সুযোগ দেওয়া। ছাত্র – ছাত্রী ফেল করলে সেই দায় তো শিক্ষকদেরকেও নিতে হবে।
অভিভাবক সাবিনা ইয়াসমিন বলেন, একটি পরীক্ষায় অকৃতকার্য হওয়া মানেই একজন শিক্ষার্থীর সব যোগ্যতা শেষ হয়ে যাওয়া নয়। প্রয়োজনে আবার পরীক্ষা নেওয়া হোক, অতিরিক্ত ক্লাস করানো হোক। কিন্তু ফরম পূরণ বন্ধ করে শিক্ষার্থীর শিক্ষাজীবন ঝুঁকিতে ফেলা কোনোভাবেই উচিত নয়।
শিক্ষানুরাগী ফরিদুল ইসলাম বলেন,মডেল টেস্টে অকৃতকার্যদের যদি এসএসসি পরীক্ষার ফরম পূরণ করতে না দেওয়া হয়, তাহলে গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। মডেল টেস্টে ফেল করা মেয়ে শিক্ষার্থীদের অনেকের বাবা-মা হয়তো পড়াশোনা বন্ধ করে বিয়ে দিয়ে দেবেন। আর ছেলে শিক্ষার্থীরা লেখাপড়া ছেড়ে শ্রমিক হিসেবে কাজ শুরু করতে পারে। এতে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন নষ্ট হওয়ার পাশাপাশি বাল্যবিবাহের ঝুঁকিও বাড়বে।
শিক্ষাঅনুরাগী ও সাংবাদিক মাহফুজার রহমান মাহফুজ বলেন, শিক্ষার্থীরা সারা বছর বিদ্যালয়ে শিক্ষকদের কাছেই পড়াশোনা করে। এরপরও যদি শিক্ষার্থী মডেল টেস্টে অকৃতকার্য হয়, তাহলে এর দায় কি শুধু শিক্ষার্থীদের? শিক্ষকদের যথাযথ পাঠদানের ঘাটতি, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও নিয়মিত মূল্যায়নের বিষয়গুলোও খতিয়ে দেখা প্রয়োজন। শিক্ষার্থীদের দুর্বলতা দূর করার দায়িত্ব শিক্ষকদেরকেই নিতে হবে। নিজেদের দায়িত্ব ও পাঠদানে ঘাটতির বিষয়টি বিবেচনা না করে শুধু শিক্ষার্থীদের ফরম পূরণ বন্ধ করে দেওয়া কোনোভাবেই যুক্তিসংগত নয়।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেফালী রানী রায়ের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার কাছেও শিক্ষার্থীরা অভিযোগ দিতে এসেছিলেন। আমি শিক্ষকদের ফরম পূরণ করার জন্য বলেছি। তবে এ দায় তো অবশ্যই শিক্ষকরা এড়াতে পারেন না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বলেন,বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। শিক্ষার্থীদের শিক্ষাজীবন যেন কোনোভাবে ঝুকিতে না পরে, সে বিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উত্তর জনপদের প্রখ্যাত শিক্ষাবীদ নজরুল ইসলাম হক্কানি বলেন, একজন শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার পিছনে এককভাবে কাউকে দায়ী করা যায় না। তবে আমার কাছে প্রধান সমস্যা হিসেবে মনে হয়েছে, সৃজনশীল পদ্ধতির বিষয়ে দক্ষ শিক্ষকের অভাব , ডিজিটাল ক্লাসরুম না থাকা, শিক্ষার্থীদের উদাসীনতা এবং মান সম্মত পাঠদানের অভাবে শিক্ষার্থীরা পরিক্ষায় অকৃতকার্য হচ্ছে। এই দায় শুধু শিক্ষার্থী ও অভিভাবকদের নয়, এই দায় শিক্ষা প্রতিষ্ঠানের এবং শিক্ষকদেরও।
দিনাজপুর শিক্ষা বোর্ডের ২০২৭ সালের এসএসসি পরীক্ষার অনলাইন ফরম পূরণসংক্রান্ত ১৯ অক্টোবরের বিজ্ঞপ্তির ১৩ নম্বর ধারায় বলা হয়েছে শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। তবে ওই বিজ্ঞপ্তিতে নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হলেই ফরম পূরণ করা যাবে না, এমন কথা স্পষ্টভাবে উল্লেখ না থাকলেও গঙ্গাচড়ার অধিকাংশ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওই বিজ্ঞপ্তির কথা বলেই অসংখ্য শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। অন্যদিকে, অভিভাবক ও ফরম পূরণ করতে না পারা শিক্ষার্থীরা চায়, তাদেরকে পরিক্ষায় অংশগ্রহণের সুযোগ দিয়ে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন সুনিশ্চিত করতে পারলে, বাল্য বিবাহ, কিশোর অপরাধ ও মাদকাসক্তের মতো লোমহর্ষক বিষয়গুলো থেকে তাদেরকে বিরত রাখা যাবে।