1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সাধারণ মানুষকে কষ্ট ও দুর্ভোগে ফেলে তাদের আস্থা অর্জন করা সম্ভব নয়: সমাজকল্যাণ মন্ত্রী | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

সাধারণ মানুষকে কষ্ট ও দুর্ভোগে ফেলে তাদের আস্থা অর্জন করা সম্ভব নয়: সমাজকল্যাণ মন্ত্রী

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ২৭ জন দেখেছেন

সাধারণ মানুষকে কষ্ট ও দুর্ভোগে ফেলে কখনোই তাদের আস্থা অর্জন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, অন্যায় করে আবার গণমাধ্যমে বাহবা নেওয়ার মানসিকতা একটি নিষিদ্ধ দলের রয়েছে। সাম্প্রতিক কয়েক দিনের কর্মকাণ্ডে দলটির মানসিকতা ও চারিত্রিক বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল তিনটার দিকে দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড ও বিভিন্ন কর্মসূচি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন মন্ত্রী।

এর আগে উপজেলার ২ হাজার ৫০০ কৃষকের মধ্যে সরিষার বীজ এবং ডিএপি ও এমওপি সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

মতবিনিময় সভায় সমাজকল্যাণমন্ত্রী বলেন, এ দেশের মানুষের ওপর বিভিন্ন সময়ে নানা কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছে। ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন দেখে সবকিছু দলীয়করণ করা হয়েছিল। বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কাচের ঘরের মতো সেই ব্যবস্থা ভেঙে পড়েছে। পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

জাহিদ হোসেন বলেন, সাধারণ মানুষকে কষ্ট ও দুর্ভোগে ফেলে তাদের আস্থা অর্জন করা সম্ভব নয়। অতীতেও এমন চেষ্টা সফল হয়নি, ভবিষ্যতেও হবে না। দেশের শান্তিপ্রিয় মানুষ ঐক্যবদ্ধ হয়ে অন্যায় ও অপকর্মের বিরুদ্ধে কীভাবে প্রতিরোধ গড়ে তুলতে হয়, তা জানে।

সরকারের সহনশীলতাকে দুর্বলতা মনে না করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘সরকার দুর্বল নয়। কারণ, এই সরকার জনগণের সরকার। রাতের ভোট কিংবা বিনা ভোটের সরকার নয়, জনগণের ভোটে নির্বাচিত সরকার। জনগণ এই সরকারের সঙ্গে আছে। জনগণকে সঙ্গে নিয়েই বর্তমান অস্বস্তিকর পরিস্থিতি মোকাবিলা করার সক্ষমতা সরকারের রয়েছে।’

তিনি আরও বলেন, অন্যায়, অবিচার ও দেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সব রাজনৈতিক দলের নেতাদের ঐক্যবদ্ধ হতে হবে। যারা এসব অপকর্মের সঙ্গে জড়িত, তাদের প্রতিহত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার কে এম ইনাম আহমেদ, বিরামপুর-নবাবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপজেলা বিএনপির সভাপতি শামীম হোসেন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন এবং উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )