1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঘনঘন রাজনৈতিক অস্থিরতা উদ্যোক্তাদের স্বস্তি কেড়ে নিচ্ছে: ওয়াহিদউদ্দিন | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

ঘনঘন রাজনৈতিক অস্থিরতা উদ্যোক্তাদের স্বস্তি কেড়ে নিচ্ছে: ওয়াহিদউদ্দিন

ঢাকা অফিস
  • আপলোডের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ২৭ জন দেখেছেন
বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা বারবার রাজনৈতিক পরিবর্তন ও শাসনব্যবস্থার ভাঙাগড়ার কারণে বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেছেন, স্বাধীনতার ৫৫ বছর পরও দেশে একটি টেকসই ও ধারাবাহিক শাসনব্যবস্থা গড়ে ওঠেনি। রাজনৈতিক বিপর্যয় ও শাসনব্যবস্থার ঘনঘন পরিবর্তন দেশের উন্নয়নের জন্য বড় ধরনের ফাঁদ তৈরি করছে।
ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতায় শনিবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক ‘ছায়া সংসদ’ বিতর্কে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ অংশ নেয়। প্রতিযোগিতায় বিজয়ী হয় প্রাইম এশিয়া ইউনিভার্সিটি দল।
অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, একটি কার্যকর ও চলনসই গণতান্ত্রিক শাসনব্যবস্থার ধারাবাহিকতা বজায় থাকলে বাংলাদেশ বর্তমান অবস্থার তুলনায় আরও অনেক বেশি উন্নতি করতে পারবে। কিন্তু কিছুদিন পরপর রাজনৈতিক বিপর্যয় ও শাসনব্যবস্থার পরিবর্তন ঘটতে থাকলে অর্থনীতির স্বাভাবিক গতি ব্যাহত হয়।
তিনি বলেন, এলডিসি থেকে উত্তরণ বাংলাদেশের জন্য একটি জাতীয় ইস্যু। এ উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিদ্যমান চ্যালেঞ্জগুলোকে সম্ভাবনায় রূপান্তর করার পাশাপাশি দেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে হবে। দুর্নীতি ও আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং অর্থনৈতিক সুশাসন প্রতিষ্ঠা জরুরি।
রাজনৈতিক অস্থিরতার প্রভাব সম্পর্কে তিনি বলেন, ঘনঘন রাজনৈতিক বিপর্যয় ঘটলে উদ্যোক্তাদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়। এতে বিনিয়োগ ও ব্যবসায়িক কার্যক্রম বাধাগ্রস্ত হয় এবং অর্থনীতির কাঙ্ক্ষিত অগ্রগতি ব্যাহত হতে পারে। টেকসই শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা গেলে এলডিসি উত্তরণের সুযোগগুলো যথাযথভাবে কাজে লাগানো সম্ভব হবে।
তৈরি পোশাক খাতের সাম্প্রতিক অস্থিতিশীলতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, পোশাক খাতের সমস্যা জাতীয় সমস্যা হিসেবে বিবেচনা করা প্রয়োজন। এ খাতে মালিক ও শ্রমিক—উভয় পক্ষই নানা সমস্যার মধ্যে রয়েছে। আলোচনার মাধ্যমে স্বচ্ছতা ও পারস্পরিক বোঝাপড়া তৈরি করা গেলে সমস্যার সমাধান সম্ভব।
তিনি আরও বলেন, সব বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করা গেলে শ্রমিকরাও উপলব্ধি করতে পারবেন যে শিল্পটি টেকসই রাখা তাদের নিজেদের স্বার্থের সঙ্গেও জড়িত। পোশাকশিল্প সংকটে পড়লে এর প্রভাব শ্রমিকদের ওপরও পড়বে।
জাতীয় জীবনে সুস্থ বিতর্কের গুরুত্ব তুলে ধরে অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, সমাজে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিভাজন, বিরোধ ও মতপার্থক্য বাড়ছে। এ পরিস্থিতি গ্রহণযোগ্য পর্যায়ে রাখতে হলে শুধু নিজের মত প্রকাশ করলেই হবে না, বিপক্ষের যুক্তিও মনোযোগ দিয়ে শুনতে হবে। সমাজকে আরও যুক্তিবাদী হতে হবে এবং ভিন্নমতসহ সবার মতামতকে যথাযথ মর্যাদা দিতে হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )