1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগাছার সাবলুর আর্তনাদ সুদের চক্রে জীবন সংকটে | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

পীরগাছার সাবলুর আর্তনাদ সুদের চক্রে জীবন সংকটে

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৩০০ জন দেখেছেন

রংপুরের পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের হাসনা গ্রামের বুদ্ধি শেখের ছেলে সাবলু মিয়া। পরিবার নিয়ে দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ তার। তাই পাঁচ বছর আগে বাধ্য হয়ে স্থানীয় দাদন ব্যবসায়ী নুরু মিয়ার কাছ থেকে ৪০ হাজার টাকা সুদে ধার নিয়েছিলেন। কিন্তু সেই টাকা মেটাতে গিয়ে তিনি দিয়েছেন দেড় লাখ টাকা। তবুও মেলেনি মুক্তি।

 

নুরু মিয়ার দাবি, আরও ২০ হাজার টাকা তাকে দিতে হবে। পরিবারের ভবিষ্যৎ চিন্তা করে সাবলু তা দিতেও রাজি হন। কিন্তু এই রাজি হওয়াও যেন শেষরক্ষা করতে পারেনি। গত সোমবার বিকেলে সাবলু মিয়া টিএমএসএস নামে একটি এনজিও থেকে উত্তোলন করেন ৫০ হাজার টাকা। তবে দামুরচাকলা এলাকায় বাড়ি ফেরার পথে তিনি পড়েন পূর্ব পরিকল্পিত হামলার ফাঁদে।

নুরু মিয়া, তার ছেলে জিহাদ এবং তাদের সহযোগী দেলোয়ার, জামাল ও হায়দার সাবলুর উপর ঝাঁপিয়ে পড়ে। প্রথমে ছিনিয়ে নেয়া হয় ৫০ হাজার টাকা। এরপর শুরু হয় নির্যাতনের দ্বিতীয় অধ্যায়। বাঁশের লাঠি দিয়ে আঘাতে ভেঙে দেওয়া হয় তার বাম হাত। তার স্ত্রী খাদিজা তাকে বাঁচাতে এগিয়ে এলে গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় তারা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন সাবলু মিয়া এখন অর্ধেক ভেঙে পড়া মানুষ। এক্স-রে রিপোর্টে দেখা গেছে, তার বাম হাতের কব্জি মারাত্মকভাবে ভেঙে গেছে। চিকিৎসকের মতে, সম্পূর্ণ সুস্থ হতে লেগে যেতে পারে কয়েক মাস। বিছানায় শুয়ে কান্নাজড়িত কণ্ঠে সাবলু বলেন, ‘আমি সব টাকা শোধ করেছি। কিন্তু এরা আমার জীবন ধ্বংস করে দিল। আমি এর বিচার চাই।’

নুরু মিয়া স্থানীয়ভাবে সুদ ব্যবসায়ী হিসেবে কুখ্যাত। অভিযোগ আছে, তার কাছে টাকা ধার নিয়ে অনেকেই হারিয়েছেন জমি, ঘরবাড়ি, এমনকি পরিবারও। তবুও তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। ঋণ উত্তোলনের বিষয়টি নিশ্চিত করে স্থানীয় দামুরচাকলা টিএমএসএস এনজিও’র শাখা ব্যবস্থাপক শাহজালাল বলেন, সোমবার সাবলু মিয়া ৫০হাজার টাকা উত্তোলণ করেন।

পীরগাছা থানার ওসি নুরে আলম সিদ্দিকী জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )