1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফেসবুক লাইভে ওসিকে হুমকি, ‘তুকে ল্যাংটা করে পেটাবো’ | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

ফেসবুক লাইভে ওসিকে হুমকি, ‘তুকে ল্যাংটা করে পেটাবো’

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৪০৬ জন দেখেছেন

‘তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। দেশের কোণায় থাকলেও তুকে অক্সিজেন মোড়ে এনে ল্যাংটা করে পেটাবো, আমি সাজ্জাদ তুকে আজ বলে রাখলাম’—চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ফেসবুক লাইভে এসে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানকে এ হুমকি দেন দুর্ধর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ। এলাকায় বুড়ির নাতি সাজ্জাদ নামেও পরিচিত এই শীর্ষ সন্ত্রাসী।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত ১০টা ৩৯ মিনিটে নিজের ফেসবুকে লাইভে আসেন সাজ্জাদ। লাইভে তিনি কোনো অবস্থাতেই তার হাত থেকে ওসি বাঁচতে পারবেন না বলে হুঁশিয়ারি দেন। ১৯ মিনিট ২৮ সেকেন্ডের এই লাইভে ওসিকে অশ্লীল ভাষায় গালাগালও করেন। এ ঘটনায় ওসি বাদী হয়ে গতকাল রাতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

 

চট্টগ্রামের আলোচিত এইট মার্ডার মামলার আসামি বিদেশে পলাতক ক্যাডার সাজ্জাদ আলীর অনুসারী ছোট সাজ্জাদ। অপরাধজগতে পা রেখে দিন দিন বেপরোয়া হয়ে ওঠেন সাজ্জাদ। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজির ১০টি মামলা রয়েছে। গত বছরের ১৭ জুলাই চান্দগাঁও থানা-পুলিশ অস্ত্রসহ সাজ্জাদকে গ্রেপ্তার করে। পরের মাসে তিনি জামিনে বেরিয়ে আসেন।

dhakapost
ধারালো অস্ত্র হাতে সাজ্জাদ

বায়েজিদ বোস্তামী থানাসংলগ্ন হাটহাজারীর শিকারপুরের মো. জামালের ছেলে তিনি।

গতকাল রাতে ফেসবুক লাইভে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় সাজ্জাদ বলেন, ওসি আরিফ দেশের যে প্রান্তেই থাকেন না কেন, তাকে নগরের অক্সিজেনে ধরে এনে পেটাবেন। প্রয়োজনে তিনি মরে যাবেন। কিন্তু হার মানবেন না।

পুলিশ কমিশনারকে উদ্দেশ করে বলেন, ওসি আরিফ চাঁদাবাজিসহ তার সন্তান হত্যায় জড়িত। তাকে যাতে বদলি করা হয়।

বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফুর রহমান জানান, ফেসবুক লাইভে এসে সাজ্জাদের হুমকির ঘটনায় থানায় জিডি করা হয়েছে। গত সোমবারও সাজ্জাদের সহযোগীসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। সাজ্জাদের চাঁদাবাজি, অস্ত্রবাজি বন্ধে বায়েজিদ থানা-পুলিশের কঠোর অবস্থানের কারণে পুলিশের বিরুদ্ধে মিথ্যাচার করছে এই সন্ত্রাসী।

এদিকে সন্ত্রাসী সাজ্জাদ ধরা না পড়ায় নগরের বায়েজিদ বোস্তামী, চান্দগাঁও, পাঁচলাইশ ও হাটহাজারী থানার প্রায় তিন লাখ বাসিন্দা আতঙ্কে রয়েছেন। এলাকায় তার চাঁদা দাবির বিষয়টি অনেকটা প্রকাশ্যেই চলে। মূলত নির্মাণাধীন ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠান থেকে চাঁদা তোলেন এই সন্ত্রাসী।

সাজ্জাদ পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তিনি একের পর খুন করলেও পুলিশ তাকে ধরতে পারছে না। গত বছরের ৫ ডিসেম্বর নগরের অক্সিজেন মোড়ে তাকে ধরতে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে ছুঁড়তে পালায় সে। গুলিতে পুলিশের দুই সদস্যসহ মোট চারজন গুলিবিদ্ধ হন।

dhakapost
চাঁদার জন্য অস্ত্র হাতে সহযোগীদের নিয়ে সাজ্জাদ হোসেন। নগরের অক্সিজেন এলাকায়: ছবি সিসি ক্যামেরার ফুটেজ থেকে সংগৃহীত।

এর আগে ২১ সেপ্টেম্বর বিকেলে নগরের চান্দগাঁও থানার অদূরপাড়া জাগরনী সংঘ ক্লাব সংলগ্ন একটি চায়ের দোকানে মাইক্রোবাস থেকে নেমেই স্থানীয় ব্যবসায়ী আফতাব উদ্দিন তাহসীনকে (২৭) গুলি করে হত্যা করে সাজ্জাদ বাহিনী।  তার আগে গত ১৮ সেপ্টেম্বর বিকেল চারটার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার কালারপুল এলাকায় শটগান হাতে সাজ্জাদ হোসেনসহ আরও দুজন গুলি করতে করতে একটি নির্মাণাধীন ভবনে প্রবেশ করেন। এরপর ওই ভবন মালিকের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন।

গত বছর ২৯ আগস্ট নগরের বায়েজিদ বোস্তামি থানার অক্সিজেন–কুয়াইশ সড়কে প্রকাশ্যে গুলি করে মাসুদ কায়সার (৩২) ও মোহাম্মদ আনিস (৩৮) নামে দুজনকে হত্যা করা হয়। এলাকায় আধিপত্য বিস্তার, ব্যবসা ও রাজনৈতিক মতাদর্শ নিয়ে দুপক্ষের দ্বন্দ্বের জেরেই এ খুন হয়। এই চাঞ্চল্যকর ডাবল মার্ডারের ঘটনার দুই মামলায় সাজ্জাদ ও তার সহযোগীদের আসামি করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )